
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সোমবার দুর্গাপুরের রাজনৈতিক ময়দানে তীব্র উত্তাপ ছড়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শো ঘিরে। দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং দুর্গাপুর পশ্চিমের প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুইয়ের সমর্থনে আয়োজিত এই রোড শো শুরু হয় রাজেন্দ্রপ্রসাদ কালীবাড়ি থেকে এবং শেষ হয় চণ্ডীদাস মার্কেটে। রোড শো ঘিরে জনতার ব্যাপক ভিড় ও উন্মাদনার জেরে একাধিকবার বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খেতে হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে। এমনকি গাড়ির উপর থেকে অমিত শাহকেও বিরক্তি প্রকাশ করতে দেখা যায়।
পরবর্তীতে চণ্ডীদাস মার্কেটে সভা করে একাধিক প্রতিশ্রুতি দেন তিনি। মহিলাদের জন্য মাসিক ৩ হাজার টাকা, কৃষকদের বছরে ৯ হাজার টাকা এবং বেকার যুবকদের চাকরি না পাওয়া পর্যন্ত মাসে ৩ হাজার টাকা ভাতা দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে চারটি শিল্পনগরী গড়ে তুলে কর্মসংস্থানের সুযোগ তৈরি করার কথাও ঘোষণা করেন তিনি। ভোট প্রসঙ্গে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, ভোটের দিন তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সাধারণ মানুষকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।
এদিকে এই মন্তব্যকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানায় তৃণমূল কংগ্রেস। দলের জেলা সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় কড়া ভাষায় আক্রমণ করে বলেন, “কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে অমিত শাহ মনে করছেন বাংলা দখল করবেন। কিন্তু উনি বাংলার মানুষকে চেনেন না। ভোটের ফল বেরোলেই উনি বুঝতে পারবেন বাংলা বড় কঠিন ঠাঁই।” এদিনই চতুরঙ্গ ময়দানে সভা করে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে অমিত শাহের এই রোড শো, সব মিলিয়ে দুর্গাপুরে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হয়ে উঠল বলে মনে করছে রাজনৈতিক মহল। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)

