WhatsApp Group Join Now
Instagram Group Join Now
প্রতীকি ছবি

দুর্গাপুর দর্পণ, আসানসোল: আসানসোল দক্ষিণ থানায় অস্ত্র আইনের মামলায় আসানসোল ও দুর্গাপুর থেকে গ্রেফতার দুই অভিযুক্তকে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে অস্ত্র পাচার চক্রের সঙ্গে আরও কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম ফিরোজ হাসান ওরফে মহম্মদ ফিরোজ এবং মহম্মদ সোনু। ফিরোজের বাড়ি দুর্গাপুরের নইমনগর বি-ব্লক এলাকায়। অন্যদিকে সোনু আসানসোল উত্তর থানার বাবুতালাও রোডের বাসিন্দা।

তদন্তকারীদের দাবি, অভিযুক্তদের কাছ থেকে মোট চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে ৩০ রাউন্ড কার্তুজ। উদ্ধার হওয়া অস্ত্রগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং সেগুলি কোথায় সরবরাহের পরিকল্পনা ছিল, তা জানতে ধৃতদের জেরা করছে পুলিশ।

ঘটনাকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত চলছে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে।