
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ভূমি রক্ষা কমিটি-র পক্ষ থেকে শুক্রবার, ২৯ মে দুর্গাপুর পুরসভার প্রশাসক তথা পশ্চিম বর্ধমানের জেলাশাসকের কাছে একটি লিখিত অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চলতে থাকা পানীয় জলের সংকট, অপর্যাপ্ত জল সরবরাহ এবং অবৈধ বোরওয়েলের মাধ্যমে ভূগর্ভস্থ জল তোলার বিরুদ্ধে এই অভিযোগ জানানো হয়।
অভিযোগপত্রে লেখা হয়েছে, গোপালমাঠ, কাদা রোড, মেইন গেট, নতুন পল্লী, বেনাচিতি, সিটি সেন্টার, ফরিদপুর, পালাশডিহা ও সাগরভাঙ্গা-সহ একাধিক এলাকায় সাধারণ মানুষ প্রতিদিন চরম জলকষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন। কোথাও পর্যাপ্ত জল মিলছে না, কোথাও আবার নিয়মিত সরবরাহ বন্ধ থাকায় ভোর থেকে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে বাসিন্দাদের।
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, শহরের বিভিন্ন এলাকায় অবৈধ বোরওয়েলের মাধ্যমে ভূগর্ভস্থ জল তুলে তা চড়া দামে বিক্রি করা হচ্ছে। এর ফলে সাধারণ মানুষের জন্য পানীয় জলের স্তর দ্রুত নেমে যাচ্ছে। বহুবার তথ্য-প্রমাণ সহ প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছে কমিটি।
সংগঠনের বক্তব্য, শুধু জল সংকট নয়, বহু টাইম ট্যাপ কল দীর্ঘদিন বিকল অবস্থায় পড়ে রয়েছে। বিশেষ করে তফসিলি জাতি ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা এলাকাগুলিতে পরিস্থিতি আরও ভয়াবহ। সেখানে নিয়মিত জল ট্যাঙ্কারের ব্যবস্থারও দাবি জানানো হয়েছে।
চিঠিতে প্রশাসনের কাছে অবিলম্বে অবৈধ বোরওয়েলের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো, শহরে নিয়মিত ও পর্যাপ্ত পানীয় জল সরবরাহ নিশ্চিত করা এবং বিকল জল প্রকল্পগুলির দ্রুত মেরামতির আবেদন জানানো হয়েছে। কমিটির দাবি, পানীয় জল মানুষের মৌলিক অধিকার। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে।

