
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দুর্গাপুর ইস্পাত কারখানার (ডিএসপি) আইএনটিইউসি অনুমোদিত সংগঠন, হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের ৬৫তম বার্ষিক সাধারণ সভা রবিবার ইস্পাত নগরীর গুরু নানক রোডের আনন্দ লাবণ্য ভবনে অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় সরকারের শ্রম নীতির তীব্র সমালোচনা করে একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পাশাপাশি নতুন ১৪৫ সদস্যের কমিটিও গঠন করা হয়।
অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন পশ্চিমবঙ্গ আইএনটিইউসি-র রাজ্য সভাপতি কামারুজ্জামান কামার। তিনি সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সভার সূচনা করেন। পরে সংগঠনের মহিলা সদস্যরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে কামারুজ্জামান কামার অভিযোগ করেন, কেন্দ্র সরকার ধারাবাহিকভাবে শ্রমিক-বিরোধী নীতি গ্রহণ করছে। তাঁর দাবি, নতুন শ্রম আইন শ্রমিকদের অধিকার খর্ব করছে এবং ট্রেড ইউনিয়নের স্বাধীনতা সংকুচিত করছে। তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বেসরকারিকরণের পথে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যার বিরুদ্ধে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।
তিনি আরও অভিযোগ করেন, দুর্গাপুর ইস্পাত কারখানায় যে আধুনিকীকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়িত হয়নি। চারটি নতুন শ্রম আইন কার্যকর হওয়ার ফলে ধর্মঘটের অধিকারও কার্যত সীমাবদ্ধ হয়েছে বলে তিনি দাবি করেন। তাঁর বক্তব্য, “ধর্মঘট শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার, সেটিকে খর্ব করা যায় না।”
হালাল না ঝটকা—দুর্গাপুরে মাংসের দোকানে এবার বাধ্যতামূলক বোর্ড?
দুর্গাপুরে চলন্ত টোটোয় হঠাৎ ধোঁয়া, মুহূর্তে ছড়িয়ে পড়ল আতঙ্ক
বৃদ্ধদের আশ্রয় গড়তে ১০ কাঠা জমি দান দুর্গাপুরের অবসরপ্রাপ্ত সেনাকর্মীর
হকারদের উপর হামলার অভিযোগ তুলে তিনি বলেন, ২০১৪ সালের আইনের বিধান অনুযায়ী হকারদের প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। পাশাপাশি তিনি দাবি করেন, বিভিন্ন ট্রেড ইউনিয়নের কর্মীরা, বিশেষ করে তৃণমূল কংগ্রেস-সমর্থিত শ্রমিক সংগঠনের বহু সদস্য আইএনটিইউসি-তে যোগ দিচ্ছেন। সংগঠনের সাধারণ সম্পাদক (আহ্বায়ক) রজত দীক্ষিত জানান, বিভিন্ন শ্রমিক সংগঠন থেকে প্রায় ৫০ জন কর্মী এদিন আইএনটিইউসি-তে যোগ দেন।
সভায় সর্বসম্মতিক্রমে ডঃ জি. সঞ্জীব রেড্ডিকে সভাপতি করে ১৪৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। সংগঠনের কার্যনির্বাহী সভাপতি পরেশনাথ কর্মকার সভা পরিচালনা করেন। এদিনের সাধারণ সভায় প্রায় ১,২০০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মেটাল ফেডারেশনের সাধারণ সম্পাদক রঘুনাথ পান্ডে, জেলা আইএনটিইউসি সভাপতি সুভাষ সাহা, আইএনটিইউসি নেতা দেবাশিস চৌধুরী-সহ সংগঠনের কেন্দ্রীয় ও রাজ্যস্তরের একাধিক নেতা ও পদাধিকারী উপস্থিত ছিলেন।

