
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: হালাল না ঝটকা মাংস— এই প্রশ্নকে সামনে রেখেই পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে পথে নামল ‘ধর্মচক্র’ সংগঠনটি। দোকানের সামনে স্পষ্ট বোর্ডে লিখে জানাতে হবে সেখানে হালাল নাকি ঝটকা মাংস বিক্রি হচ্ছে। যাতে ক্রেতারা আগে থেকেই বুঝতে পারেন তাঁরা কী ধরনের মাংস কিনছেন।
সনাতন ধর্মের প্রসার ও মূল্যবোধ রক্ষায় কাজ করা সংগঠন ‘ধর্মচক্র’। বেনাচিতি বাজারে সংগঠনের সদস্যরা একাধিক খাসি ও মুরগির মাংসের দোকানে গিয়ে দোকানদারদের কাছে আবেদন জানান, দোকানের সামনে স্পষ্টভাবে বোর্ড টাঙিয়ে জানাতে হবে সেখানে হালাল নাকি ঝটকা মাংস বিক্রি হচ্ছে।
সকালের ব্যস্ত বাজারে এই অভিযানকে ঘিরে মুহূর্তের মধ্যেই কৌতূহল তৈরি হয় স্থানীয়দের মধ্যে। সংগঠনের সদস্যরা দোকানদারদের সঙ্গে হাতজোড় করে কথা বলেন এবং জানান, ক্রেতার অধিকার রয়েছে তিনি কী ধরনের মাংস কিনছেন তা আগে থেকেই জানার। তাঁদের মতে, দোকানের সামনে পরিষ্কারভাবে এই তথ্য লেখা থাকলে সাধারণ মানুষ নিজেদের বিশ্বাস, পছন্দ ও প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন। শুধু মাংসের দোকানই নয়, কয়েকটি রেস্তোরাঁতেও গিয়ে একই আবেদন জানায় সংগঠনটি।
সংগঠনের প্রতিনিধি দীপ দাস বলেন, বাজারে অনেক সময় ক্রেতারা না জেনেই মাংস কিনে ফেলেন। তাই দোকানের সামনে বোর্ড থাকলে বিভ্রান্তি কমবে এবং ক্রেতারা স্বচ্ছভাবে কেনাকাটা করতে পারবেন। তাঁর দাবি, এটি কোনও বিরোধ তৈরি করার উদ্দেশ্যে নয়, বরং মানুষের জানার অধিকারকে সামনে রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃদ্ধদের আশ্রয় গড়তে ১০ কাঠা জমি দান দুর্গাপুরের অবসরপ্রাপ্ত সেনাকর্মীর
গোপালপুরে দুই তৃণমূল নেতাকে মারধর করে ডিম ছুড়ল বিক্ষুব্ধ জনতা!
ডিএসপি-তে ভয়াবহ দুর্ঘটনা, ঝলসে মৃত্যু ঠিকা শ্রমিকের
অন্যদিকে, এই দাবিকে ঘিরে বাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কিছু ক্রেতা ও স্থানীয় বাসিন্দা মনে করছেন, দোকানে কী বিক্রি হচ্ছে তা স্পষ্টভাবে লেখা থাকলে স্বচ্ছতা বাড়বে। তবে কেউ কেউ বলছেন, এ ধরনের প্রচার নতুন করে বিভাজন তৈরি করতে পারে। ফলে বেনাচিতি বাজারের এই ঘটনাকে ঘিরে দুর্গাপুরে শুরু হয়েছে নতুন আলোচনা।
স্থানীয় স্তরে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও বিতর্কের জন্ম দিতে পারে বলেও মনে করছেন অনেকে। তবে ধর্মচক্রের দাবি, তাঁদের লক্ষ্য শুধুমাত্র ক্রেতাদের সচেতন করা এবং দোকানগুলিকে তথ্য প্রকাশে উৎসাহিত করা। এখন দেখার, এই দাবির পর বাজারের দোকানদাররা কী পদক্ষেপ নেন এবং প্রশাসনই বা বিষয়টিকে কীভাবে দেখে।

