WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ ডেস্ক: কলকাতার রোটারি সদনে রবিবার বিকেলে অনুষ্ঠিত হল লিগ্যাল এইড সার্ভিসেস-এর উদ্যোগে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (কাউন্সেলিং) শংসাপত্র প্রদান অনুষ্ঠান এবং বিচারপতি ডি. কে. বসুর স্মরণে বিশেষ স্মরণিকা প্রকাশ। আইন, শিক্ষা ও বিচারব্যবস্থার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মর্যাদাপূর্ণ হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দিরা ব্যানার্জি, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদার ও প্রদীপ্ত রায়, কলকাতা হাইকোর্টের বিচারপতি অনিরুদ্ধ রায় এবং চৈতালি চ্যাটার্জি দাস। এছাড়াও উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ ঘোষ, গণমাধ্যম কেন্দ্রের প্রাক্তন কর্মকর্তা নিতীশ ভট্টাচার্য-সহ বিশিষ্ট ব্যক্তিরা।

সংস্থার সম্পাদক বিপ্লব কুমার সরকার জানান, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় পরিচালিত পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা (কাউন্সেলিং) কোর্সের দ্বাদশ ব্যাচের ৪৭ জন শিক্ষার্থীর হাতে এদিন শংসাপত্র তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে বিচারপতি ডি. কে. বসুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি স্মরণিকাও প্রকাশ করা হয়।

আরও পড়ুন: আসানসোল-দুর্গাপুর মেট্রো প্রকল্পের সমীক্ষার দায়িত্ব পেল ‘রাইটস’

অনুষ্ঠানের আরেকটি উল্লেখযোগ্য পর্ব ছিল লিগ্যাল এইড সার্ভিসেসের চেয়ারম্যান, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ও বিচার বিভাগের প্রাক্তন প্রিন্সিপাল সেক্রেটারি অরুণাভ বড়ুয়াকে সম্মাননা প্রদান। কুমুদ সাহিত্য মেলা কমিটি-র পক্ষ থেকে তাঁকে প্রাক্তন বিচারপতি সুধেন্দুনাথ মল্লিক স্মারক সম্মানে ভূষিত করা হয়। মোল্লা জসিমউদ্দিন, সমরেন্দু চক্রবর্তী, বিশ্বজিৎ পাল-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা তাঁর হাতে এই সম্মান তুলে দেন।

অনুষ্ঠানের মাধ্যমে আইন শিক্ষা, কাউন্সেলিং এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় লিগ্যাল এইড সার্ভিসেসের দীর্ঘদিনের উদ্যোগ ও অবদানকে তুলে ধরা হয়।