WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্নীতিতে ‘নো কম্প্রোমাইজ’!

দুর্গাপুর দর্পণ ডেস্ক: পশ্চিম বর্ধমান জেলার কুলটির রামপুর চেকপোস্টে ঘুষ দাবি করা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ঘিরে প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির বার্তা দিয়ে রাজ্য সরকার এবার কড়া পদক্ষেপ নিয়েছে। প্রশাসনের স্পষ্ট বার্তা—আইনের ঊর্ধ্বে কেউ নন, সরকারি দায়িত্বে থেকে সাধারণ মানুষকে হয়রানি বা তোলাবাজি করলে কোনও রকম রেয়াত করা হবে না।

সূত্রের খবর, দীপক সিংয়ের ট্রাক সার্ভিসিংয়ের পর চালিয়ে গ্যারেজে ফিরছিলেন চালক শিবা যাদব। রামপুর চেকপোস্টে আটকানো হয় ট্রাকটিকে। অভিযোগ, সেখানে থাকা এমভিআই আধিকারিকরা চালককে অকারণে হেনস্থা করেন এবং ঘুষ দাবি করেন। চালক সেই দাবি মানতে অস্বীকার করলে গাড়িটি বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি, রাজ্য সরকারের ইতিমধ্যেই প্রত্যাহার করে নেওয়া একটি করের অজুহাত দিয়ে বেআইনিভাবে ২২ হাজার টাকা দাবি করা হয়েছে বলেও অভিযোগ ওঠে।

অভিযোগ সামনে আসতেই দ্রুত সক্রিয় হয় পরিবহণ দফতর। পরিবহণ দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি ড. রবি ইন্দর সিংয়ের স্বাক্ষরিত নির্দেশে রামপুর চেকপোস্টে কর্মরত দুই মোটর ভেহিক্যাল ইনস্পেক্টর—নাজিমুল হক ও অনুপম বন্দ্যোপাধ্যায়কে ‘ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস (ক্লাসিফিকেশন, কন্ট্রোল অ্যান্ড অ্যাপিল) রুলস, ১৯৭১’-এর ৭(১)(এ) ধারা অনুযায়ী অবিলম্বে সাসপেন্ড করা হয়েছে।

আরও পড়ুন: আসানসোল-দুর্গাপুর মেট্রো প্রকল্পের সমীক্ষার দায়িত্ব পেল ‘রাইটস’

দেড় লক্ষ শ্রমিকের মুখে হাসি ফেরালো রাজ্য সরকারের শ্রম দফতর

শুধু বিভাগীয় ব্যবস্থা নয়, গোটা ঘটনার অপরাধমূলক দিক খতিয়ে দেখতে বিষয়টি অ্যান্টি-করাপশন ব্যুরোর (ACB) হাতে তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে অন্যায়ভাবে আটকে রাখা ট্রাক দ্রুত ছেড়ে দেওয়ার নির্দেশও জারি হয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যম এক্স-এ স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছেন, প্রশাসনের কোনও স্তরেই দুর্নীতি, তোলাবাজি বা সাধারণ মানুষের হয়রানি বরদাস্ত করা হবে না। তাঁর বক্তব্য, সরকারি পদ মানে দায়িত্ব, ক্ষমতার অপব্যবহারের লাইসেন্স নয়। তাই অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রামপুর চেকপোস্টের এই ঘটনা শুধু দুই আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপেই সীমাবদ্ধ নয়; প্রশাসনের অন্দরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে এটিকে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবেই দেখছে ওয়াকিবহাল মহল।