দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত সগড়ভাঙা শিল্পতালুক এলাকায় বুধবার সকালে হঠাৎই বিকট শব্দে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, আচমকা বিস্ফোরণের মতো প্রবল শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সগড়ভাঙা পুকুরপাড় সংলগ্ন এলাকায়। অনেকেই ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন পরিস্থিতি দেখতে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার একটি বেসরকারি কারখানার ভাটিতে ব্লাস্ট হওয়ার জেরেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন স্থানীয় বিজেপি নেতা বিকাশ ঘটক। তিনি জানান, কারখানার ভিতরে গিয়ে দেখা যায় একটি পণ্যবাহী গাড়িতে আগুন লেগে সামান্য ক্ষতি হয়েছে। তবে শ্রমিকরা নিরাপদে রয়েছেন বলেও দাবি করেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে কারখানা কর্তৃপক্ষকে আরও সতর্ক থাকার পরামর্শ দেন।
এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, এর আগেও একাধিকবার একই ধরনের ঘটনা ঘটেছে। কখনও কম্পনে কেঁপে উঠেছে বাড়ি, আবার কখনও ক্ষতির মুখে পড়েছে আশপাশের বসত এলাকা। ফলে শিল্পাঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ ক্রমশ বাড়ছে। তাঁদের বক্তব্য, শিল্পাঞ্চলে কাজ চলুক, কিন্তু তার সঙ্গে নিরাপত্তার বিষয়টিকেও সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বারবার এমন ঘটনায় শ্রমিকদের পাশাপাশি সাধারণ মানুষের জীবনও ঝুঁকির মুখে পড়ছে বলে অভিযোগ তাঁদের।