WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দুর্গাপুর শিল্পাঞ্চলে ফের সামনে এল স্থানীয়দের কর্মসংস্থানের দাবি। মঙ্গলবার সকালে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই সাগরভাঙা এলাকায় একাধিক বেসরকারি কারখানায় গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন।

জানা গিয়েছে, গ্রাফাইট ইন্ডিয়া, এসআরএমবি সহ বিভিন্ন কারখানায় দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে পৌঁছন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক। সেখানে শ্রমিক নিয়োগ, স্থানীয় যুবকদের কাজের সুযোগ এবং বহিরাগত শ্রমিকদের বিষয়টি নিয়ে আলোচনা হয়।

কারখানা থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে তিনি অভিযোগ করেন, ভোটের আগে বহু বহিরাগত শ্রমিককে কাজে নেওয়া হয়েছে। তাঁর দাবি, অবিলম্বে সেই শ্রমিকদের তালিকা তৈরি করতে হবে এবং তাদের জায়গায় পর্যায়ক্রমে স্থানীয়দের নিয়োগে গুরুত্ব দিতে হবে।

বিধায়ক আরও বলেন, এলাকার বহু যুবক দীর্ঘদিন ধরে কাজের অপেক্ষায় রয়েছেন। শিল্পাঞ্চলে স্থানীয়দের প্রাপ্য সুযোগ নিশ্চিত করাই তাঁর মূল লক্ষ্য। পাশাপাশি তিনি অভিযোগ করেন, কিছু আইএনটিটিইউসি নেতা দীর্ঘদিন ধরে সাধারণ শ্রমিকদের শোষণ করেছেন। সেই অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।