
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ‘নো পার্কিং’ এলাকায় বাইক রাখলেই এবার জরিমানা। শহরের অন্যতম ব্যস্ত এলাকা সিটি সেন্টার এলাকায় ট্রাফিক নিয়ম ভাঙার বিরুদ্ধে বিশেষ অভিযান চালাল পুলিশ। ব্যস্ত রাস্তায় দু’টি লেন জুড়ে যত্রতত্র বাইক দাঁড় করিয়ে রাখার ফলে দীর্ঘক্ষণ যানজট তৈরি হচ্ছিল বলে অভিযোগ। সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখে অভিযানে নামে ট্রাফিক পুলিশ।
অভিযান চলাকালীন ‘নো পার্কিং’ এলাকায় রাখা একাধিক বাইকের বিরুদ্ধে নিয়ম মাফিক জরিমানা করা হয়। পাশাপাশি গাড়িচালক ও সাধারণ মানুষকে ট্রাফিক নিয়ম মেনে চলার বার্তাও দেন পুলিশ আধিকারিকরা। এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার। তিনি জানিয়েছেন, সিটি সেন্টার এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি এবং ট্রাফিক সচেতনতা কর্মসূচি। পুলিশের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে। তাই নিয়ম ভেঙে রাস্তায় গাড়ি পার্ক করলে এবার কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে।

