WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ঘিরে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে দেখা গেল নানা আয়োজন। কোথাও মন্দিরে পুজো দিয়ে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হল, কোথাও আবার তৈরি হল জন্মদিনের বিশেষ কেক। জন্মদিন উপলক্ষে কেক-পেস্ট্রি-সহ বিভিন্ন খাবারে বিশেষ অফারও দেওয়া হয়েছে একটি দোকানের পক্ষ থেকে।

দুর্গাপুরের ২৪ নম্বর ওয়ার্ডে এদিন সকালে অন্নপূর্ণা যোজনার প্রাপকদের উদ্যোগে জন্মদিন পালনের আয়োজন করা হয়। এমএএমসি উত্তরপল্লীর কালী মন্দিরে প্রথমে পুজো দেওয়া হয়। এরপর প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করেন উপস্থিতরা। পুজোর পর কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। উপস্থিতদের মধ্যে বিতরণ করা হয় লাড্ডুও। কর্মসূচিতে স্থানীয় মহিলা ও সমর্থকদের উপস্থিতি ছিল।

অন্যদিকে, মোদির জন্মদিন উপলক্ষে দুর্গাপুরের বিধাননগরেও দেখা গেল আলাদা আয়োজন। ক্লাব স্যান্টোসের সামনে একটি কেকের দোকানে তৈরি করা হয়েছে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিশেষ কেক। জন্মদিন উদযাপনের জন্য অনেকেই সেই কেক কিনে নিয়ে যাচ্ছেন বলে দোকানের পক্ষ থেকে জানানো হয়েছে।

শুধু বিশেষ কেক নয়, বৃহস্পতিবার জন্মদিন উপলক্ষে ওই দোকানে কেক, পেস্ট্রি-সহ অন্যান্য খাবারে বিশেষ অফার দেওয়া হচ্ছে। ফলে সাধারণ ক্রেতাদের মধ্যেও এই আয়োজন ঘিরে আগ্রহ দেখা গিয়েছে। একদিকে মন্দিরে পুজো ও প্রার্থনা, অন্যদিকে জন্মদিনের বিশেষ কেক এবং খাবারে ছাড়—বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পালনের ভিন্ন ভিন্ন ছবি ধরা পড়ল দিনভর।

আরও পড়ুন: মিটার রুমে আগুন, চরম আতঙ্ক সগরভাঙার নীলকণ্ঠ অ্যাপার্টমেন্টে