WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৮ সেপ্টেম্বর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের প্রযুক্তি গবেষণায় বড় স্বীকৃতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য তৈরি বিশেষ স্মারকে জায়গা পেল NIT দুর্গাপুরের নিজস্ব প্রযুক্তিতে তৈরি চিপ। ‘SEMICON India 2026’-এর উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয় সেই স্মারক। ‘চিপস টু স্টার্টআপ’ বা C2S কর্মসূচির আওতায় তৈরি C2S0130 চিপ জায়গা করে নিয়েছে সেই বিশেষ স্মারকে। দেশের সেমিকন্ডাক্টর ও চিপ-ডিজাইন ক্ষেত্রে দুর্গাপুরের একটি শিক্ষা প্রতিষ্ঠানের এই সাফল্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

নয়াদিল্লির দ্বারকায় যশোভূমিতে ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে ‘SEMICON India 2026’। আন্তর্জাতিক এই মঞ্চে বিশ্বের বিভিন্ন প্রান্তের সেমিকন্ডাক্টর সংস্থা, গবেষক, শিক্ষাবিদ, স্টার্টআপ এবং প্রযুক্তিবিদরা অংশ নিয়েছেন। NIT দুর্গাপুরের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের C2S প্রকল্পের অধীনে তৈরি হয়েছে C2S0130। এটি একটি ৩২-বিট সম্পূর্ণ ডিজিটাল বেসব্যান্ড মডুলেটর। FPGA এবং ASIC প্ল্যাটফর্মের জন্য এই হার্ডওয়্যার ডিজাইন করা হয়েছে। কাঁচা বাইনারি ডেটাকে ডিজিটাল বেসব্যান্ড সিগন্যালে রূপান্তর, এনকোডিং এবং শেপিং করতে পারে এই চিপ।

তবে এই প্রথম নয়। SEMICON India 2025-এর মঞ্চেও NIT দুর্গাপুরের চিপ নজর কেড়েছিল। ভারতের মাটিতে তৈরি প্রথম চিপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছিলেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেই চিপের প্রদর্শিত ডিজাইনগুলির মধ্যে ছিল NIT দুর্গাপুরের C2S0029।এবার আরও এক ধাপ এগিয়ে প্রধানমন্ত্রীর জন্য তৈরি স্মারকেই জায়গা করে নিল দুর্গাপুরের প্রতিষ্ঠানের নিজস্ব চিপ।

এই সাফল্যে C2S প্রকল্পের গবেষক, শিক্ষক, কর্মী ও ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন NIT দুর্গাপুরের অধিকর্তা অধ্যাপক অরবিন্দ চৌবে। তাঁর বক্তব্য, এই স্বীকৃতি শুধু ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ নয়, গোটা প্রতিষ্ঠানের কাছেই গর্বের। প্রকল্পের প্রধান গবেষক ড. হেমন্ত কুমার মণ্ডল জানান, C2S কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা RTL ডিজাইন থেকে সিমুলেশন, সিন্থেসিস, ভেরিফিকেশন এবং বাস্তব চিপ তৈরির বিভিন্ন ধাপে হাতে-কলমে কাজ করার সুযোগ পাচ্ছেন।

প্রকল্পের সহ-প্রধান গবেষক ড. অনিরুদ্ধ চন্দ্রের মতে, তাত্ত্বিক ধারণাকে বাস্তব হার্ডওয়্যারে রূপ দেওয়ার সুযোগই এই প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। ‘SEMICON India 2026’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান NIT দুর্গাপুরের C2S প্রকল্পের কর্মী সুমন কল্যাণ পোরেল। প্রকল্পের উন্নয়ন ও বাস্তবায়নে যুক্ত ছিলেন শুভদীপ নাগ এবং স্বপ্নিল দাস চৌধুরীও।

আরও পড়ুন: মিটার রুমে আগুন, চরম আতঙ্ক সগরভাঙার নীলকণ্ঠ অ্যাপার্টমেন্টে

মন্দিরে পুজো থেকে ‘স্পেশাল কেক’, দুর্গাপুরে মোদির জন্মদিন ঘিরে নানা আয়োজন