WhatsApp Group Join Now
Instagram Group Join Now

চিকিৎসায় গাফিলতির অভিযোগ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্য়ু হয়েছে। এমন অভিযোগ তুলে সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে রবিবার বিক্ষোভ দেখালেন রোগীর পরিজনেরা। মৃতের নাম রাজকুমার মণ্ডল (৫৮)। তিনি দুর্গাপুরের বেনাচিতি এলাকার বাসিন্দা ছিলেন।

ফুসফুসের সমস্যা নিয়ে রোগীকে ভর্তি করা হয়েছিল এই হাসপাতালে। পরিবারের অভিযোগ, ২৩ জুলাই চিকিৎসক ছাড়পত্র দেওয়ার পরও স্বাস্থ্যবিমা সংক্রান্ত জটিলতার কথা বলে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়নি। হাসপাতালে জীবানুনাশক স্প্রে করার পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে বলে অভিযোগ। এরপর রবিবার তাঁর মৃত্যু হয়। 

এই ঘটনার পর হাসপাতাল চত্বরে জড়ো হন মৃতের পরিবারের সদস্য, আত্মীয়-পরিজন এবং প্রতিবেশীরা। তাঁদের অভিযোগ, হাসপাতালের অবহেলা ও চিকিৎসায় গাফিলতির কারণেই রাজকুমার মণ্ডলের মৃত্যু হয়েছে। ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে তাঁরা বিক্ষোভ দেখান।

আরও পড়ুন: আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি! পুরকর্মীর বেপরোয়া আচরণ ঘিরে বিতর্ক দুর্গাপুরে

আসানসোল-দুর্গাপুর মেট্রো প্রকল্পের সমীক্ষার দায়িত্ব পেল ‘রাইটস’

মৃতের মেয়ে কবিতা চট্টোপাধ্যায়ের দাবি, চিকিৎসক ছাড়পত্র দেওয়ার পরও তাঁর বাবাকে হাসপাতাল থেকে ছাড়া হয়নি। পরে স্প্রে করার পর শারীরিক অবস্থার অবনতির কথা জানানো হয়। তাঁর অভিযোগ, হাসপাতালের গাফিলতির কারণেই তাঁর বাবার মৃত্যু হয়েছে। পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। খবর পেয়ে হাসপাতালে আসে পুলিশ।

অন্যদিকে, হাসপাতালের ডিজিএম (অপারেশন) শিল্পা সর জানান, কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয়েছে রোগীর। মৃত্যুর প্রকৃত কারণ জানতে রোগীর পরিবারের কাছে ময়নাতদন্ত করানোর আবেদন করা হয়েছে। তাঁর বক্তব্য, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।