
প্রতি রবিবার ছাড়বে বাস, ফিরবে সোমবার
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শ্রাবণ মাসে তারকেশ্বরে জল ঢালতে যাওয়া হাজার হাজার শিবভক্তের কথা ভেবে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর থেকে তারকেশ্বরের উদ্দেশে নতুন এসবিএসটিসি (SBSTC) বাস পরিষেবার সূচনা হল। রবিবার দুর্গাপুর স্টেশন বাসস্ট্যান্ড থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল দুর্গাপুর–তারকেশ্বর (ভায়া শেওড়াফুলি) রুটের বাস।
এই নতুন পরিষেবার উদ্যোগ নিয়েছেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। তিনি জানান, শ্রাবণী মেলা চলাকালীন প্রতি রবিবার সকালে দুর্গাপুর থেকে বাস ছাড়বে। ভক্তরা তারকেশ্বরে পৌঁছে শিবের মাথায় জল নিবেদন করার পর সোমবার একই বাসে দুর্গাপুরে ফিরে আসতে পারবেন। ফলে যাত্রাপথের একাধিক বাস বা ট্রেন বদলের ঝক্কি থাকবে না।
বিধায়ক জানান, এই পরিষেবা চালুর জন্য তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন। পরে পরিবহনমন্ত্রী অর্জুন সিংয়ের অনুমোদন মেলার পরই বাস পরিষেবা চালু করা সম্ভব হয়েছে।
আরও পড়ুন: আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি! পুরকর্মীর বেপরোয়া আচরণ ঘিরে বিতর্ক দুর্গাপুরে
আসানসোল-দুর্গাপুর মেট্রো প্রকল্পের সমীক্ষার দায়িত্ব পেল ‘রাইটস’
এছাড়াও ভবিষ্যতে দুর্গাপুর থেকে তারাপীঠ এবং পুরী পর্যন্ত সরাসরি বাস পরিষেবা চালুর বিষয়েও ভাবনা-চিন্তা চলছে বলে তিনি জানান। এই উদ্যোগ বাস্তবায়িত হলে শুধু ধর্মপ্রাণ মানুষই নন, সাধারণ যাত্রী ও পর্যটকরাও উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।

