WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বহু স্বপ্ন দেখে লক্ষ লক্ষ টাকা খরচ করে ফ্ল্যাট কিনেছিলেন। কিন্তু সেই স্বপ্নই এখন অনেকের কাছে দুঃস্বপ্নে পরিণত হয়েছে বলে অভিযোগ। লিফট প্রায়ই বিকল, নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে, আর সমস্যা জানাতে গেলেই বিল্ডারের তরফে হুমকি দেওয়া হচ্ছে— এমনই অভিযোগ তুলে সোমবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বিধাননগরের কালীগঞ্জ সংলগ্ন টেটিখোলা এলাকার একটি বহুতল আবাসনের একাংশের বাসিন্দারা বিক্ষোভে সামিল হন।

আবাসিকদের দাবি, কেউ ৩০ লক্ষ টাকা, আবার কেউ তারও বেশি অর্থ ব্যয় করে ফ্ল্যাট কিনেছেন। কিন্তু দীর্ঘদিন ধরেই আবাসনের একাধিক মৌলিক সমস্যার সমাধান হচ্ছে না। লিফট ঠিকমতো কাজ না করায় প্রবীণ ও অসুস্থ বাসিন্দাদের প্রতিদিনই সমস্যার মুখে পড়তে হচ্ছে। পাশাপাশি নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থার জেরে নিত্যদিনের জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে বলে অভিযোগ।

বাসিন্দাদের আরও দাবি, আবাসনের কোনও সমস্যা দেখা দিলেই তা নিজেদের অর্থ খরচ করে মেরামত করতে হচ্ছে। বহুবার বিল্ডারের সঙ্গে যোগাযোগ করা হলেও সমস্যার স্থায়ী সমাধান তো দূরের কথা, অভিযোগ করলে উল্টে হুমকির মুখে পড়তে হচ্ছে বলেও তাঁদের অভিযোগ। আবাসিকদের দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ জানানো হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কার্যকর কোনও পদক্ষেপ না হওয়ায় তাঁরা ক্ষুব্ধ।

অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিল্ডার দীপক ভট্টাচার্য। তাঁর দাবি, আবাসিকদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বরং এই ধরনের অভিযোগের কারণে তাঁর ব্যবসাই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে, সমস্যার সমাধানের দাবিতে আবাসিকরা এবার পান্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারির দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেখান থেকেও আশানুরূপ সাড়া না মিললে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

বেনাচিতির বহুতলে ট্রলি ব্যাগে তরুণীর দেহ উদ্ধার, গুরুত্বপূর্ণ রায় দিল দুর্গাপুর আদালত