
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং শিল্প সম্ভাবনার ভূয়সী প্রশংসা করলেন বিহার বিধানসভার স্পিকার ড. প্রেম কুমার। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের সৃজনী অডিটোরিয়ামে আয়োজিত এক সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, পশ্চিমবঙ্গ কেবল একটি রাজ্য নয়, এটি ইতিহাস, সংস্কৃতি এবং সংগ্রামের এক উজ্জ্বল প্রতীক। তাঁর মতে, সঠিক পরিকল্পনা ও সুশাসনের মাধ্যমে আগামী দিনে পশ্চিমবঙ্গ উন্নয়নের নতুন অধ্যায়ে প্রবেশ করতে পারে।
বিজেপির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলন ও বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে। পরে ড. প্রেম কুমারকে বিশাল ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘোরুই সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব।
ভাষণে ড. প্রেম কুমার বাংলার সাংস্কৃতিক পরিচয়ের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, দুর্গাপূজা আজ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে। বাংলার মাছের নানা পদ, রসগোল্লা, সুন্দরবনের জীববৈচিত্র্য এবং দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্য রাজ্যের গর্ব ও পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ।
তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস’ মন্ত্রের উল্লেখ করে বলেন, কেন্দ্রীয় সরকার দেশের প্রতিটি প্রান্তের সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। তাঁর বক্তব্যে উঠে আসে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ও ৩৫এ ধারা প্রত্যাহারের প্রসঙ্গও। ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, এই পদক্ষেপ দেশের জাতীয় ঐক্যকে আরও সুদৃঢ় করেছে।
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রী জনধন যোজনা, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির মাধ্যমে কোটি কোটি মানুষ উপকৃত হয়েছেন বলে দাবি করেন তিনি।
বিহারের উন্নয়ন প্রসঙ্গ টেনে ড. প্রেম কুমার বলেন, এনডিএ সরকার সেখানে পরিকাঠামো ও উন্নয়নমূলক প্রকল্পে ধারাবাহিকভাবে কাজ করছে। একইভাবে পশ্চিমবঙ্গেও উন্নয়ন, কর্মসংস্থান ও সুশাসনের আরও বিস্তৃত সুযোগ রয়েছে বলে তাঁর মত। তিনি দুই রাজ্যের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হওয়ার আশাবাদও ব্যক্ত করেন।
লাদাখে ৬১০০ মিটার শৃঙ্গ জয়! মাউন্ট কাইগরের শিখরে দুর্গাপুরের কালীসাধন
দুর্গাপুরে ‘লোক কল্যাণ মেলা’- ছোট পুঁজিতে বড় স্বপ্নের হাতছানি

