WhatsApp Group Join Now
Instagram Group Join Now
বিদায় বেলায়

ফার্মাসিস্টদের নতুন যাত্রার শুভ সূচনা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: চার বছর একসঙ্গে পথচলার স্মৃতি, শিক্ষকদের স্নেহ, বন্ধুদের সঙ্গে কাটানো অগণিত মুহূর্ত— সবকিছুকে সঙ্গে নিয়েই নতুন জীবনের দোরগোড়ায় দাঁড়িয়ে পড়ুয়ারা। সেই আবেগঘন মুহূর্তকে স্মরণীয় করে তুলতে শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ড. বি. সি. রায় কলেজ অফ ফার্মেসি অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস-এর উদ্যোগে আয়োজিত হল বিদায় অনুষ্ঠান, ‘অ্যাডিউ ২০২৬’ (ADIEU 2026)। কলেজ ক্যাম্পাসের এপিসি রায় সেমিনার হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অংশ নেন প্রায় ২০০ জন স্নাতক হতে চলা শেষ বর্ষের ফার্মেসি শিক্ষার্থী।

অনুষ্ঠানের সূচনা হয় এক ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে। শিক্ষার্থীদের বিকাশ, স্থায়িত্ব এবং উজ্জ্বল ভবিষ্যতের প্রতীক হিসেবে একটি গাছে জল দিয়ে বিদায় অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। প্রতীকী এই আয়োজন যেন শিক্ষার্থীদের জীবনের নতুন অধ্যায়ে এগিয়ে চলার বার্তাই তুলে ধরে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজ সোসাইটি-এর সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য, ড. বি. সি. রায় কলেজ অফ ফার্মেসি অ্যান্ড অ্যালাইড হেলথ সায়েন্সেস-এর অধ্যক্ষ অধ্যাপক ড. সমীর কুমার সামন্ত এবং রেজিস্ট্রার সাগর সেনগুপ্ত। এছাড়াও শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চাকরি পেতে কোন দক্ষতা সবচেয়ে জরুরি? BCREC-এর HR Conclave-এ মিলল দিশা

স্বাগত ভাষণে অধ্যক্ষ অধ্যাপক ড. সমীর কুমার সামন্ত বিদায়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তারা সফলভাবে সম্পন্ন করেছে। তিনি তাঁদের উদ্দেশ্যে বলেন, একজন দক্ষ ফার্মেসিস্টকে সমাজের প্রতি দায়িত্ব পালন করার পাশাপাশি পেশাদারিত্ব, সততা, সহানুভূতি এবং আজীবন শেখার মানসিকতা ধরে রাখতে হবে। তাঁর কথায়, “ফার্মেসি কেবল একটি ডিগ্রি বা যোগ্যতা নয়, এটি বহু মানুষের আশা ও আস্থার প্রতীক।”

হসপিটাল ম্যানেজমেন্টের MBA কোর্স এবার দুর্গাপুরের BCREC-তে

অপরদিকে, সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য শিক্ষার্থীদের ভবিষ্যতের প্রতিটি চ্যালেঞ্জ আত্মবিশ্বাস ও দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করার আহ্বান জানান। তিনি নৈতিক মূল্যবোধ, নিরন্তর শিক্ষা এবং উদ্ভাবনী চিন্তার গুরুত্ব তুলে ধরে বলেন, ড. বি. সি. রায় কলেজ অফ ফার্মেসি থেকে অর্জিত শিক্ষা ও অভিজ্ঞতা তাঁদের কর্মজীবনের একটি শক্ত ভিত তৈরি করবে।

শিল্প-শিক্ষার সেতুবন্ধনে নতুন অধ্যায় স্থাপন করল BCREC

আনুষ্ঠানিক পর্বের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে। বিদায়ী শিক্ষার্থীরা কলেজ জীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁদের গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী ও প্রতিষ্ঠানের অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। আবেগ, আনন্দ ও ভবিষ্যতের স্বপ্ন— সব মিলিয়ে অনুষ্ঠানের পরিবেশ হয়ে ওঠে এক অনন্য মিলনমেলা।

অনুষ্ঠানে বিভিন্ন জাতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জনকারী এবং অসামান্য ফল করা শিক্ষার্থীদের বিশেষভাবে সম্মানিত করা হয়।

সম্মানিত শিক্ষার্থীরা হলেন—

  • সুমন জানা — GPAT, GATE, BHU, NIPER
  • স্পন্দন ঘোষ — GPAT, NIPER
  • সৌমেন খাঁড়া — GPAT, BHU
  • শুভজিৎ ভুঁইয়া — GPAT, NIPER
  • অঙ্কিত দাস — GPAT, GATE, BHU, NIPER
  • কুশল সাহা — GATE, NIPER
  • মধুরিমা কুন্ডু — GPAT
  • রিন্টু পাল — GPAT, GATE, NIPER
  • শিবম দাস — GPAT
  • মহম্মদ তোহিদ আনসারী — GPAT
  • সৌভিক মণ্ডল — GPAT, GATE, BHU
  • অয়ন মণ্ডল — GATE
  • তথাগত ঢাল — NIPER

বিদায় অনুষ্ঠানের শেষ লগ্নে ছিল আবেগ আর আশার এক মেলবন্ধন। ক্যাম্পাস ছেড়ে নতুন কর্মজীবনের পথে পা বাড়ানোর আগে শিক্ষার্থীদের মুখে ছিল আত্মবিশ্বাসের হাসি, আর শিক্ষকদের চোখে ছিল তাঁদের সাফল্যের প্রত্যাশা। ‘অ্যাডিউ ২০২৬’ শুধু একটি বিদায় অনুষ্ঠান নয়, বরং আগামী দিনের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলা একদল তরুণ ফার্মাসিস্টদের নতুন যাত্রার শুভ সূচনা হয়ে রইল।