
মাঠে নামলেন বিধায়ক!
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: সরকারি জমি দখলমুক্ত করতে নিজে উপস্থিত থেকে অভিযান পরিচালনা করলেন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই। বেনাচিতির নতুনপল্লীতে নির্মীয়মাণ একটি বহুতলের সরকারি জমির উপর গড়ে ওঠা অংশ ভাঙার কাজ মঙ্গলবার শুরু হয়। প্রশাসনের গঠিত তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
কমিটির রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বহুতলটির সেপটিক ট্যাঙ্ক এবং সীমানা প্রাচীর সরকারি জমির উপর নির্মাণ করা হয়েছে। সেই রিপোর্ট হাতে পাওয়ার পরই প্রশাসন দখলমুক্ত করার সিদ্ধান্ত নেয়। এদিন বুলডোজারের মাধ্যমে অবৈধ অংশ ভাঙার কাজের সূচনা করেন বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই।
ঘটনাস্থলে তিনি বলেন, সরকারি জমি দখল করে কোনও নির্মাণই বরদাস্ত করা হবে না। সংশ্লিষ্ট প্রোমোটারকে নির্দেশ দেওয়া হয়েছে, বহুতলের বাকি অবৈধ অংশও দ্রুত নিজ দায়িত্বে ভেঙে সরকারি জমি সম্পূর্ণভাবে দখলমুক্ত করতে হবে। সেই কাজ শেষ হলে তার প্রমাণস্বরূপ ছবি প্রশাসনের কাছে জমা দেওয়ার কথাও বলা হয়েছে।
দুর্গাপুরে দীর্ঘদিন ধরেই বিভিন্ন বেআইনি বহুতল নির্মাণ নিয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশ অভিযোগ জানিয়ে আসছেন। এই প্রসঙ্গে লক্ষ্মণ ঘড়ুই দাবি করেন, পূর্ববর্তী সরকারের আমলে প্রভাবশালী ব্যক্তিদের মদতে এবং কাটমানির বিনিময়ে একাধিক অবৈধ নির্মাণ হয়েছে।
রাজ্যে সরকার পরিবর্তনের পর জেলাশাসকের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে মহকুমাশাসক, পুরসভার কমিশনার, বিধায়ক, বাস্তুকারসহ একাধিক আধিকারিক সদস্য হিসেবে রয়েছেন। তদন্তের পর নতুনপল্লীর বহুতলটিতে সরকারি জমি দখলের বিষয়টি রিপোর্টে উঠে আসে।
আরও পড়ুন: দুর্গাপুরে বুলডোজার দিয়ে সরানো হল বিশ্ববাংলা লোগো!


