WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৫ অক্টোবর: অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার এবং তার জেরে বাড়তে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা AMR-এর বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে পথে নামল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ডা. বি. সি. রায় কলেজ অফ ফার্মাসি অ্যান্ড অ্যালায়েড হেলথ সায়েন্সেস। কলেজের NSS শাখার উদ্যোগে আয়োজিত সচেতনতা র‍্যালিতে অংশ নিলেন প্রায় ২৫০ জন ফার্মাসি পড়ুয়া।

হাসপাতাল, বাজার ও আবাসিক এলাকা ঘুরে অ্যান্টিবায়োটিক ব্যবহারে সতর্কতা এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ না খাওয়ার বার্তা পৌঁছে দিলেন তাঁরা। হাতে ব্যানার, প্ল্যাকার্ড। তাতে কোনওটিতে লেখা—’অ্যান্টিবায়োটিক মূল্যবান—দায়িত্বশীলভাবে ব্যবহার করুন’, কোনওটিতে লেখা ছিল ‘নিজে থেকে অ্যান্টিবায়োটিক খাবেন না’। আরও একটি সহজ বার্তা ছিল—’সঠিক ওষুধ, সঠিক মাত্রা, সঠিক সময়কাল’।

‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস’ এবং ‘জাতীয় ফার্মাসি সপ্তাহ-২০২৬’-এর কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই র‍্যালির সূচনা করেন কলেজের অধ্যক্ষ, অধ্যাপক সমীর কুমার সামন্ত। ছিলেন কলেজের শিক্ষক-শিক্ষিকা, NSS স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন বর্ষের পড়ুয়ারা। D.Pharm, B.Pharm এবং M.Pharm-এর পড়ুয়ারা অংশ নেন এই অভিযানে।

অ্যান্টিবায়োটিকের অপ্রয়োজনীয় বা ভুল ব্যবহার করলে জীবাণু ধীরে ধীরে ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা অর্জন করতে পারে। চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় যার নাম অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। ফলে পরিচিত সংক্রমণের চিকিৎসাও ভবিষ্যতে কঠিন হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। এই ঝুঁকির কথাই সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় তুলে ধরেন পড়ুয়ারা।

শুধু সাধারণ মানুষ নয়, এই লড়াইয়ে ফার্মাসিস্টদের ভূমিকাও তুলে ধরা হয় র‍্যালিতে। ওষুধ ব্যবহারের ক্ষেত্রে সঠিক পরামর্শ, চিকিৎসকের পরামর্শ মেনে অ্যান্টিবায়োটিক গ্রহণ এবং প্রয়োজন ছাড়া তার ব্যবহার বন্ধ করার বিষয়ে সচেতনতা তৈরিতে ফার্মাসিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরা হয়। এই কর্মসূচির মাধ্যমে পড়ুয়াদের কাছেও খুলে যায় শ্রেণিকক্ষের বাইরে স্বাস্থ্যশিক্ষার অন্য এক পাঠশালা। বইয়ে পড়া AMR-এর মতো জটিল জনস্বাস্থ্য সমস্যাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিজেরাই কাঁধে তুলে নেন তাঁরা। শেষে AMR প্রতিরোধ এবং অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধের দায়িত্বশীল ব্যবহারের শপথ নেন অংশগ্রহণকারীরা।

আরও পড়ুন: সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল নজির গড়ল বিসিআরইসি