WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ ডেস্ক: নিট ইউজি নতুন পরীক্ষা হবে ২১ জুন। নতুন পরীক্ষাকে ঘিরে আর কোনও ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্র। প্রশ্নফাঁসের অভিযোগে আগের পরীক্ষা বাতিল হওয়ার পর এবার নিরাপত্তায় নজিরবিহীন ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের হাতে প্রশ্নপত্র সুরক্ষিতভাবে পৌঁছে দিতে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় বায়ুসেনাকে।

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, বিশেষ সামরিক উড়ান এবং বায়ুসেনার তত্ত্বাবধানে প্রশ্নপত্র দেশের ১৮টি সুরক্ষিত কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই কাজে এমআই-১৭ হেলিকপ্টার ব্যবহার করা হতে পারে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রগুলিতে প্রশ্নপত্র পৌঁছে দেওয়ার জন্য বিশেষ যানবাহনের ব্যবস্থাও করবে বায়ুসেনা।

প্রশ্নপত্র দ্রুত এবং নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার পাশাপাশি পরীক্ষাকেন্দ্রগুলির নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সশস্ত্র বাহিনী মোতায়েনের পরিকল্পনাও নেওয়া হয়েছে। গোটা প্রক্রিয়াকে বহুস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হবে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, যাঁরা নতুন পরীক্ষার প্রশ্নপত্র তৈরির দায়িত্বে রয়েছেন, তাঁদের উপরও আরোপ করা হয়েছে কঠোর বিধিনিষেধ। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তাঁদের নির্দিষ্ট সুরক্ষিত স্থানে রাখা হবে। এই সময় মোবাইল ফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ-সহ কোনও বৈদ্যুতিন যন্ত্র ব্যবহারের অনুমতি থাকবে না। এমনকি প্রায় দু’সপ্তাহ তাঁদের ইন্টারনেট ব্যবহার থেকেও বিরত থাকতে হবে।

কেন্দ্রের দাবি, পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় এবং পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ করা হয়েছে। নিটের নতুন পরীক্ষাকে ঘিরে যাতে আর কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে কারণেই প্রশ্নপত্র প্রস্তুতকারী আধিকারিক ও কর্মীদেরও বিশেষ নজরদারির আওতায় রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ মে আয়োজিত নিট ইউজি পরীক্ষায় প্রশ্নফাঁস ও টোকাটুকির অভিযোগ সামনে আসার পর তীব্র বিতর্কের সৃষ্টি হয়। পরবর্তীতে সেই পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষার সিদ্ধান্ত নেয় ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)।