WhatsApp Group Join Now
Instagram Group Join Now

রোপন করা হল ৩০টি দেশীয় গাছের চারা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের বার্তা ছড়িয়ে দিতে ‘অরণ্য সপ্তাহ ২০২৬’ এর শেষদিন সোমবার বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ড. বি. সি. রায় পলিটেকনিকের এনএসএস (NSS) সেল। দেশব্যাপী ‘এক পেড় মা কে নাম’ প্রচারণার আওতায় আয়োজিত এই কর্মসূচিতে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মী ও এনএসএস স্বেচ্ছাসেবকেরা অংশ নেন।

বিধাননগরের ‘বিপ্লবী রাসবিহারী বসু সরণি’ এবং ড. বি. সি. রায় পলিটেকনিক চত্বরে এদিন ১৫টি ভিন্ন প্রজাতির মোট ৩০টি চারাগাছ রোপণ করা হয়। এদিন আম, জামরুল, কাঁঠাল, পেয়ারা, লেবু, আতা, আমলকী, পেঁপে, দেবদারু, গুলমোহর, সোনালী ঝাড় (গোল্ডেন শাওয়ার), জঙ্গল জিলিপি, বকুল, জারুল ও পলাশ গাছের চারা রোপন করা হয়। আয়োজকদের মতে, ফল, ওষধি ও দেশীয় প্রজাতির এই গাছগুলি স্থানীয় জীববৈচিত্র্য বৃদ্ধির পাশাপাশি একটি সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।

‘এক পেড় মা কে নাম’ উদ্যোগের মূল ভাবনা অনুযায়ী অংশগ্রহণকারীদের নিজেদের মায়ের নামে একটি করে গাছ উৎসর্গ করার আহ্বান জানানো হয়। এর মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, প্রকৃতির প্রতি দায়বদ্ধতা এবং টেকসই জীবনযাপনের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বার্তাও তুলে ধরা হয়। কর্মসূচির শেষে রোপিত চারাগাছগুলির নিয়মিত পরিচর্যার মাধ্যমে বড় করার শপথ নেন অংশগ্রহণকারীরা। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকারও ব্যক্ত করেন তাঁরা।

আরও পড়ুন- স্বপ্নপূরণের নতুন পথে পা- ‘শুভমস্তু ২০২৬’; ড. বি. সি. রায় পলিটেকনিকে অনন্য আয়োজন

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ড. বি. সি. রায় পলিটেকনিকের অধ্যক্ষ অধ্যাপক ড. অরিজিৎ কুমার ব্যানার্জি, ডেপুটি রেজিস্ট্রার শক্তি সরকার, এনএসএস কনভেনার সোহিনী সামাই, এনএসএস সদস্য সমরজিৎ মাইতি, উজ্জ্বল সাঁতরা, শুভদীপ রায়, অ্যাসিস্ট্যান্ট ক্যাম্পাস অ্যাডমিনিস্ট্রেটর অরূপ কুমার ঘোষ এবং এনএসএস স্বেচ্ছাসেবকেরা।