WhatsApp Group Join Now
Instagram Group Join Now
ক্লিক করার আগে ভাবুন!

সতর্কতার পাঠ দিল পুলিশ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১২ আগস্ট: একটি ভুল ক্লিক, একটি অচেনা লিঙ্কে সামান্য অসতর্কতা কিংবা নেটমাধ্যমে অপরিচিত কারও সঙ্গে একটুখানি বাড়তি যোগাযোগ—মুহূর্তের মধ্যে ডেকে আনতে পারে মারাত্মক বিপদ।

প্রযুক্তির যুগে যখন জীবনের সিংহভাগই অনলাইননির্ভর, তখন সাইবার অপরাধের এই সুচতুর ফাঁদ থেকে পড়ুয়াদের রক্ষা করতে উদ্যোগী হলো পশ্চিম বর্ধমানের  দুর্গাপুরের ডা. বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজ (BCREC)। কলেজের ইন্টারনাল কমপ্লেন্টস কমিটির (ICC) ব্যবস্থাপনায় আলবার্ট আইনস্টাইন সেমিনার হলে মঙ্গলবার আয়োজিত হলো এক বিশেষ সাইবার সচেতনতা শিবির। কর্মসূচির মূল মন্ত্রই ছিল—’Think Before You Click’ অর্থাৎ, ক্লিক করার আগে ভাবুন ও যাচাই করুন।

এই সচেতনতা শিবিরের মূল লক্ষ্য ছিল সাইবার প্রতারণা, অনলাইন ব্ল্যাকমেইলিং ও অন্যান্য ডিজিটাল ঝুঁকি থেকে শিক্ষার্থীদের সুরক্ষার পথ দেখানো। অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে হাজির ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম শাখার দুই সাব-ইন্সপেক্টর অলোক মজুমদার ও বিজয় দলপতি। দৈনন্দিন জীবনে কোন কোন কৌশল ধরে সাইবার অপরাধীরা প্রতারণার জাল বোনে এবং কীভাবে তার থেকে সতর্ক থাকা সম্ভব, তা নানা বাস্তব উদাহরণের মাধ্যমে পড়ুয়াদের সামনে তুলে ধরেন তাঁরা।

ইন্টারনেটের বহুল ব্যবহারের পাশাপাশি এর নিরাপত্তা সুনিশ্চিত করা যে কতটা জরুরি, তা স্পষ্ট করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. সঞ্জয় এস. পাওয়ার ও উপাধ্যক্ষ অধ্যাপক ড. কে. এম. হোসেন। অন্যদিকে, কলেজের ICC-র প্রিসাইডিং অফিসার ড. অরুণাভা মুখার্জি ডিজিটাল জগতে দায়িত্বশীল আচরণ করার প্রয়োজনীয়তা এবং অনলাইন হয়রানির মুখে পড়লে কীভাবে আইনি সাহায্য নেওয়া যায়, সে বিষয়ে আলোকপাত করেন।

আরও পড়ুন: চাকরি পেতে কোন দক্ষতা সবচেয়ে জরুরি?

নতুন স্বপ্ন, নতুন পথচলা! BCRAPC-তে জমজমাট ‘নবীনবরণ ২০২৬’

হসপিটাল ম্যানেজমেন্টের MBA কোর্স এবার দুর্গাপুরের BCREC-তে

তরুণ প্রজন্মকে নিশানা করে ইদানীং কীভাবে অনলাইন নির্যাতন বা সাইবার গ্রুমিংয়ের মতো ভয়ঙ্কর অপরাধ সংঘটিত হচ্ছে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন পুলিশ আধিকারিক অলোক মজুমদার। বিশেষ করে, অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত বা অন্তরঙ্গ ছবি ছড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটলে কীভাবে প্রতিরোধ গড়ে তোলা যায়, সেই সংক্রান্ত সরকারি পোর্টাল এবং বিভিন্ন সহায়ক সংস্থা (যেমন StopNCII.org বা Take It Down)-র ব্যবহারিক দিকগুলি শেখানো হয় অনুষ্ঠানে। সাইবার অপরাধে লাগাম টানতে জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে অবিলম্বে অভিযোগ জানানোর বার্তা দেওয়া হয়।

শক্তিশালী পাসওয়ার্ড তৈরি, ব্যক্তিগত তথ্য গোপন রাখা কিংবা সন্দেহজনক কার্যকলাপে দ্রুত ব্যবস্থা নেওয়া—অনলাইন জগতে এই প্রাথমিক সতর্কতাগুলিই যে সবচেয়ে বড় রক্ষাকবচ, সে কথা একযোগে স্মরণ করিয়ে দেন বিশেষজ্ঞরা। কলেজের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ডিজিটাল নাগরিক হিসেবে তরুণ প্রজন্মকে স্বাবলম্বী ও সচেতন করে তোলার কলেজের এই গুরুত্বপূর্ণ প্রয়াস সত্যিই প্রশংসনীয়।