
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: নতুন পথচলা, নতুন স্বপ্ন আর আত্মবিশ্বাসের নতুন অঙ্গীকার নিয়ে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ডা. বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজে (BCREC) উদযাপিত হলো বি.টেক প্রথম বর্ষের ‘ইন্ডাকশন প্রোগ্রাম ২০২৬’-এর বর্ণাঢ্য সমাপনী। ক্যাম্পাসের ‘দুলাল মিত্র অডিটোরিয়াম’-এ আয়োজিত এই অনুষ্ঠানটি নবীন পড়ুয়াদের মনে এক অনন্য উদ্দীপনা জাগিয়ে তোলে।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন প্রধান অতিথি—বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী স্তবপ্রিয়ানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ড. কে. এম. হোসেন, রেজিস্ট্রার ড. জি. এস. পান্ডা সহ অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকা ও কর্মীবৃন্দ।
উপাধ্যক্ষ ড. কে. এম. হোসেনের স্বাগত ভাষণের মধ্য দিয়ে মূল পর্বের সূচনা ঘটে। নবীনদের উদ্দেশ্যে তিনি বলেন, “প্রতিটি শিক্ষার্থীর ভেতরেই সুপ্ত প্রতিভা থাকে। আমাদের মূল দায়িত্ব সেই সম্ভাবনাকে বিকশিত করে তাদের আধুনিক শিল্পের উপযুক্ত প্রতিনিধি হিসেবে গড়ে তোলা।” স্বামী স্তবপ্রিয়ানন্দ মহারাজ শিক্ষার্থীদের সময়ের গুরুত্ব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন। যে সময় চলে যায়, তা আর ফেরে না। এই বাস্তবতাকে সামনে রেখে পড়ুয়াদের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর পরামর্শ দেন মহারাজ।
আরও পড়ুন: আকাশ থেকেই নেভাবে আগুন! BCREC-এর পড়ুয়াদের উদ্ভাবন নিয়ে চলছে জোর চর্চা
সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল নজির গড়ল বিসিআরইসি
জীবনের পথে বাধা বা প্রতিকূলতা এলেও স্বপ্ন থেকে সরে না গিয়ে অধ্যাবসায় ও আত্মবিশ্বাসের মাধ্যমে তা দূর করে এগিয়ে যাওয়ার কথা বলেন তিনি। “ঈশ্বর সর্বদাই তোমাদের পাশে আছেন”—এই বাণী স্মরণ করিয়ে দিয়ে মহারাজ পড়ুয়াদের একটি নির্দিষ্ট নীতি ও আদর্শকে কেন্দ্র করে জীবন গড়ার এবং সুশৃঙ্খল ও একনিষ্ঠভাবে স্বপ্নপূরণের পথে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে শিক্ষার্থীরা।

