দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৫ সেপ্টেম্বর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায় ভোররাতে নৃশংস হামলার অভিযোগ। ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হল ৩৫ বছরের এক যুবকের। ঘটনায় আটক এক, উদ্ধার হয়েছে হামলায় ব্যবহৃত অস্ত্র।
শনিবার ভোরের আলো ফোটার আগেই র*ক্তাক্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়লেন এক যুবক। অভিযোগ, ধারালো অস্ত্র নিয়ে তাঁর উপর চড়াও হয় এক ব্যক্তি। পরপর কোপে গুরুতর জখম হন তিনি। স্থানীয়দের তৎপরতায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত যুবকের নাম শেখ আশরাফ (৩৫)। তিনি দুর্গাপুরের রাতুড়িয়া এলাকার বাসিন্দা। পরিবার সূত্রে জানা গিয়েছে, আশরাফ বিশেষভাবে সক্ষম ছিলেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, হোসেন নামে এক ব্যক্তির সঙ্গে আশরাফের বচসা হয়েছিল। সেই ঘটনার পরই শনিবার ভোররাতে আশরাফের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপানো হয়। গুরুতর জখম অবস্থায় মাটিতে পড়ে যান আশরাফ।
আশরাফের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় কোকওভেন থানায়। পুলিশ পৌঁছে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দুর্গাপুরের হাসপাতালে পাঠায়। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য। কী কারণে এই হামলা, তা এখনও স্পষ্ট নয়। আশরাফের সঙ্গে অভিযুক্তের কোনও পুরনো বিবাদ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
পরিবারের দাবি, আশরাফ অত্যন্ত শান্ত স্বভাবের ছিলেন। এলাকার কারও সঙ্গে তাঁর বড় কোনও বিবাদ ছিল না। অন্যদিকে, হোসেনের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও উঠেছে বলে পরিবারের দাবি। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে কোকওভেন থানার পুলিশ। উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত ধারালো অস্ত্র।
আরও পড়ুন: দুর্গাপুরে নেহরুর মূর্তি তুলে ফেলে দেওয়া হল জঙ্গলে!
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


