WhatsApp Group Join Now
Instagram Group Join Now

তিন দিনের আল্টিমেটাম!

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর স্টিল পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্কে মঙ্গলবার রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে ওঠে। ব্যাঙ্কে দুর্নীতির অভিযোগ তুলে চেয়ারম্যান ললিত কুমার দাসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে বিজেপি। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেয় তারা।

মঙ্গলবার দুপুরে আচমকাই বিজেপির কর্মী-সমর্থকদের একটি দল প্রান্তিকা পাঁচমাথা মোড়ে অবস্থিত ব্যাঙ্কের প্রধান কার্যালয়ে প্রবেশ করেন। তাঁরা সরাসরি চেয়ারম্যানের কক্ষে গিয়ে ললিত কুমার দাসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং অবিলম্বে পদত্যাগের দাবি জানান। পরে ব্যাঙ্কের বাইরে জড়ো হয়ে স্লোগান ও বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মীরা।

বিজেপির অভিযোগ, ব্যাঙ্কের পরিচালনায় একাধিক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। সেই কারণেই বর্তমান চেয়ারম্যানের নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত। দলের পক্ষ থেকে জানানো হয়, ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করলে আরও বড় আকারে আন্দোলন সংগঠিত করা হবে।

আরও পড়ুন: সাতসকালে দুর্গাপুরে NIA-এর হানা! নিউ স্টিল পার্ক থেকে গ্রেফতার এক ব্যক্তি

আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি! পুরকর্মীর বেপরোয়া আচরণ ঘিরে বিতর্ক দুর্গাপুরে

দুর্গাপুরে ‘গান্ধীগিরি’ করল বিজেপি; ৭ দিনের আল্টিমেটাম, তারপর ‘ডিম থেরাপি’র হুঁশিয়ারি

অন্যদিকে, চেয়ারম্যান ললিত কুমার দাস জানান, পদ ছাড়তে তাঁর ব্যক্তিগতভাবে কোনও আপত্তি নেই। তবে সমবায় ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী দায়িত্ব ছাড়ার আগে প্রয়োজনীয় অডিট প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি। সেই কাজ শেষ করতেই কিছুটা সময় লাগবে বলে তিনি জানান।

চেয়ারম্যানের এই বক্তব্যের পর বিজেপির প্রতিনিধিরা তাঁকে শুক্রবার পর্যন্ত সময় দেন। তাঁদের দাবি, ওই সময়সীমার মধ্যেও পদত্যাগ না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।