
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: নবায়নযোগ্য শক্তি, শক্তি সাশ্রয় এবং টেকসই প্রকৌশল শিক্ষাকে কেন্দ্র করে সোমবার থেকে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ড. বি. সি. রায় পলিটেকনিকে শুরু হল ছয় দিনব্যাপী AICTE–ATAL Faculty Development Programme (FDP)। এবারের থিম—’Applied Energy Engineering: From Renewable Systems to Sustainable Practices’।
শিক্ষক-শিক্ষিকাদের আধুনিক শক্তি প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের কৌশল এবং টেকসই প্রকৌশল চর্চায় আরও দক্ষ করে তুলতেই এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন। আয়োজকদের দাবি, ভবিষ্যতের শক্তি সংকট মোকাবিলায় শিক্ষকদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ করে তুলতেই এই উদ্যোগ।

এ বছর AICTE সারা দেশের মধ্যে অফলাইন ATAL FDP পরিচালনার জন্য ৩৭৯টি প্রতিষ্ঠানকে বেছে নিয়েছে। পশ্চিমবঙ্গ থেকে সুযোগ পেয়েছে মাত্র ১২টি প্রতিষ্ঠান। সেই তালিকায় জায়গা করে নিয়ে গর্বের মুখ উজ্জ্বল করেছে ডঃ বি. সি. রায় পলিটেকনিক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডঃ অরিজিৎ কুমার ব্যানার্জি। তিনি বলেন, “বর্তমান সময়ে শক্তি সংক্রান্ত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ শিক্ষক তৈরি করা অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডঃ বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজ দুর্গাপুর সোসাইটির কোষাধ্যক্ষ জার্নেল সিং। পাশাপাশি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা ও শিল্পক্ষেত্রের প্রতিনিধিরাও অংশ নেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন BITS Pilani (হায়দ্রাবাদ ক্যাম্পাস)-এর রসায়ন বিভাগের অধ্যাপক ও ইনোভেশন অ্যান্ড রিসার্চ ডিন ডঃ সৌনক রায়। তিনি গ্রিনহাউস গ্যাস নির্গমন, জলবায়ু পরিবর্তন এবং পরিচ্ছন্ন শক্তির ক্রমবর্ধমান প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন। পাশাপাশি উন্নত উপাদান ও প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে কীভাবে টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব, তা নিয়েও বিশদে আলোচনা করেন।
আরও পড়ুন: স্বপ্নপূরণের নতুন পথে পা- ‘শুভমস্তু ২০২৬’; ড. বি. সি. রায় পলিটেকনিকে অনন্য আয়োজন
প্রকৃতির পাশে থাকার শপথ, বিশ্ব পরিবেশ দিবসে নজর কাড়ল BCREC
উদ্বোধনের পর প্রথম কারিগরি অধিবেশনে অংশ নেন বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষিকা ও গবেষকরা। নবায়নযোগ্য শক্তি ও টেকসই প্রকৌশল নিয়ে মতবিনিময়ে জমে ওঠে আলোচনা পর্ব।
ছয় দিনের এই কর্মসূচিতে থাকছে Applied Energy Engineering, Renewable Energy Systems, Energy Efficiency এবং Sustainable Engineering Practices নিয়ে বিশেষজ্ঞ বক্তৃতা, ইন্টারঅ্যাকটিভ সেশন ও হাতে-কলমে প্রশিক্ষণ।
এই FDP-তে অংশ নিচ্ছেন BITS Pilani, CSIR-CMERI, NIT Durgapur, TPSDI, DVC, DPL, The Mission Hospital-সহ একাধিক স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্প সংস্থার বিশেষজ্ঞরা। আয়োজকদের আশা, এই উদ্যোগ ভবিষ্যতের টেকসই শক্তি ব্যবস্থার সঙ্গে শিক্ষকদের আরও গভীরভাবে যুক্ত করতে বড় ভূমিকা নেবে।

