দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৯ সেপ্টেম্বর: উজবেকিস্তানে আয়োজিত আন্তর্জাতিক কিকবক্সিং বিশ্বকাপে ভারতের হয়ে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ১০ বছর বয়সী কিকবক্সার আরাধ্যা ধীবর। কিন্তু অর্থের অভাবে অনিশ্চিত হয়ে পড়েছে তার আন্তর্জাতিক সফর।এমএএমসি গণতন্ত্র কলোনির বাসিন্দা আরাধ্যার সফর, স্পোর্টস কিট ও অন্যান্য খরচ মিলিয়ে প্রায় ৫ লক্ষ টাকা প্রয়োজন বলে পরিবার জানিয়েছে। আরাধ্যার মা কাকলি ধীবর জানান, এই বিপুল খরচ বহন করা তাঁদের পক্ষে সম্ভব নয়।
এই পরিস্থিতিতে আরাধ্যার পাশে দাঁড়িয়েছে দুর্গাপুর সাব-ডিভিশনাল স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবস্ কোঅর্ডিনেশন সোসাইটি। ১৮ সেপ্টেম্বর বিধাননগরের জীবনদান ভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে আরাধ্যার হাতে প্রাথমিকভাবে ৫,০০০ টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। সংগঠনের সাধারণ সম্পাদক কবি ঘোষ জানান, ভবিষ্যতেও আরাধ্যার পাশে থাকবেন তাঁরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আয়ূব আনসারী, সমাজসেবী কল্যাণ দত্ত, আরাধ্যার কোচ ঈশ্বর মাজি-সহ অন্যরা।
আরও পড়ুন: গুগল ম্যাপের দেখানো পথে গিয়ে বাইক সহ খাদে, সারারাত ‘নিখোঁজ’ যুবক!


