দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৫ সেপ্টেম্বর: চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতিতে এক নতুন মাইলফলক স্পর্শ করল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ‘দ্য মিশন হসপিটাল’। সম্প্রতি এই হাসপাতালে ৭২ বছর বয়সী এক প্রবীণ রোগীর সফলভাবে ‘রোবোটিক র্যাডিক্যাল নেফ্রেক্টমি’ (Robotic Radical Nephrectomy) অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। রোবোটিক সার্জিক্যাল অনকোলজিস্ট ড. অর্ণব চক্রবর্তীর তত্ত্বাবধানে এই জটিল এই অস্ত্রোপচারটি করা হয়।
রোগীর চিকিৎসা চলাকালীন ধরা পড়ে ‘রেট্রো-অ্যাওর্টিক লেফট রেনাল ভেইন’ (Retroaortic Left Renal Vein) নামক একটি বিরল শারীরিক গঠনগত বৈচিত্র্য। সাধারণ অবস্থানের পরিবর্তে বাম কিডনির শিরাটি অ্যাওর্টার পিছন দিয়ে অবস্থান করায় অস্ত্রোপচারের সময় গুরুত্বপূর্ণ রক্তনালিগুলির অবস্থান শনাক্ত করা এবং নিরাপদে অস্ত্রোপচার সম্পন্ন করা ছিল বিশেষ চ্যালেঞ্জ।
তবে, এই বিরল জটিলতা সত্ত্বেও অত্যাধুনিক রোবোটিক প্রযুক্তির নিখুঁত কার্যকারিতা ও উন্নত নিয়ন্ত্রণ ব্যবস্থার সুবাদে ‘মিনিমালি ইনভেসিভ’ অর্থাৎ ন্যূনতম কাটাছেঁড়ার মাধ্যমে সফলভাবে এই অস্ত্রোপচারটি সম্পন্ন করা সম্ভব হয়। ছোট ছিদ্রের মাধ্যমে অস্ত্রোপচার হওয়ায় প্রচলিত পদ্ধতির অস্ত্রোপচারের মতো বড় কাটাছেঁড়ার দরকার পড়েনি।
আরও পড়ুন- শ্বাসনালীতে ঢুকে গেল ধারালো যন্ত্রাংশ, অস্ত্রোপচার ছাড়াই রোগীকে সুস্থ করল মিশন হাসপাতাল
অস্ত্রোপচার ছাড়াই জটিল হৃদরোগের উপশম, চিকিৎসায় নতুন দিগন্ত দুর্গাপুরে
ফলে রোগীর রক্তক্ষরণ ও অস্ত্রোপচার-পরবর্তী শারীরিক চাপ তেমন ছিল না। রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং হাসপাতালে খুব কম সময় থাকতে হয়। সফল অস্ত্রোপচারের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন প্রবীণ ওই রোগী। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, এই ধরণের অস্ত্রোপচারের ক্ষেত্রে রোগীরা অত্যন্ত দ্রুত তাঁদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারেন। রোগীর শারীরিক অবস্থার উন্নতি এবং চিকিৎসকদের পর্যালোচনার ওপর ভিত্তি করে, অস্ত্রোপচারের প্রায় ৩ দিনের মধ্যে রোগীদের হাসপাতাল থেকে ছুটি দেওয়া সম্ভব হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, তাঁদের মূল লক্ষ্য হলো অত্যাধুনিক রোবোটিক সার্জারি পরিষেবাকে সাধারণ মানুষের কাছে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করে তোলা এবং সমগ্র পূর্ব ভারতের রোগীদের জন্য নূন্যতম খরচে বিশ্বমানের এই সেবা প্রদান করা।



