দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৬ অক্টোবর: কৈশোরে শরীরে নানা পরিবর্তন আসে। কিন্তু সেই পরিবর্তনের সঙ্গে যুক্ত স্বাস্থ্য সমস্যাগুলি নিয়ে অনেক সময় কথা বলতে সংকোচ বোধ করে কিশোরীরা। তা দূর করতেই মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুল (H.S.)-এ প্রায় ৩০০ জন ছাত্রীকে নিয়ে আয়োজিত হল PCOS সচেতনতা কর্মশালা।
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)-এর পশ্চিম বর্ধমান জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় অংশ নেয় নবম ও দশম শ্রেণির ছাত্রীরা। কিশোরীদের মধ্যে PCOS সম্পর্কে প্রাথমিক ধারণা তৈরি করা এবং উপসর্গ দেখা দিলে তা অবহেলা না করার বিষয়ে সচেতন করাই ছিল কর্মশালার মূল লক্ষ্য। দুর্গাপুর মিশন হাসপাতালের Obstetrics & Gynaecologist ডা. উর্মি সান্যাল PPT-র মাধ্যমে ছাত্রীদের সামনে PCOS সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সহজ ভাষায় তিনি বোঝান, কীভাবে হরমোনের ভারসাম্যহীনতা ও জীবনযাত্রার নানা বিষয় এই সমস্যার সঙ্গে সম্পর্কিত হতে পারে।
মাসিক ঋতুচক্রে অনিয়ম, রক্তস্রাবের তারতম্য, ওজন বেড়ে যাওয়া, মুখে ব্রণ এবং অবাঞ্ছিত লোমের মতো বিভিন্ন উপসর্গের কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি কোনও অস্বাভাবিকতা দেখা দিলে তা লুকিয়ে না রেখে অভিভাবক ও চিকিৎসকের সঙ্গে কথা বলার পরামর্শ দেওয়া হয়। স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি জীবনযাত্রার দিকেও গুরুত্ব দেওয়া হয় কর্মশালায়। নিয়মিত শরীরচর্চা, সুষম ও পুষ্টিকর খাবার, পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার কথা ছাত্রীদের বোঝানো হয়। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়ার উপরও জোর দেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. কালিমুল হক বলেন, কিশোরী ছাত্রীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে সঠিক সময়ে সঠিক তথ্য দেওয়া অত্যন্ত জরুরি। তাঁর মতে, এই ধরনের কর্মশালা ছাত্রীদের নিজেদের স্বাস্থ্য নিয়ে আরও সচেতন এবং আত্মবিশ্বাসী করে তুলতে পারে। কৈশোরে নিজের শরীরের পরিবর্তনকে বোঝা, উপসর্গকে গুরুত্ব দেওয়া এবং প্রয়োজন হলে সাহায্য চাওয়ার বিষয়ে ছাত্রীদের মধ্যে সচেতনতা তৈরির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল এই কর্মশালা।
আরও পড়ুন: ‘অযোগ্যরা টাকা পাচ্ছে, আমরা যোগ্যরা কেন বঞ্চিত?’
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


