
জুম স্কুলে হল শিবির
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৫ আগস্ট: সড়ক নিরাপত্তা সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করে তুলতে বিশেষ উদ্যোগ নিল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্র্যাফিক বিভাগ। বুধবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে ডিএসপি টাউনশিপের ট্রাঙ্ক রোড সংলগ্ন জুম স্কুলের অডিটোরিয়ামে আয়োজিত হল একটি ট্র্যাফিক সচেতনতা শিবির। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ট্র্যাফিক আইন, সড়ক নিরাপত্তা এবং হেলমেট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ড. প্রণব কুমার, এসিপি সুবীর রাই, ট্র্যাফিক এসিপি রাজকুমার মালাকার, ট্র্যাফিক বিভাগের অন্যান্য আধিকারিক, স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক পড়ুয়া।
শিবিরে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ কমিশনার ড. প্রণব কুমার শিক্ষার্থীদের ট্র্যাফিক আইন মেনে চলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতার গুরুত্ব ব্যাখ্যা করেন এবং ট্র্যাফিক নিয়ম নিয়ে পড়ুয়াদের উদ্দেশে একাধিক প্রশ্নও করেন। শিক্ষার্থীরাও উৎসাহের সঙ্গে সঠিক উত্তর দিয়ে অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ করে।
আরও পড়ুন: শ্বাসনালীতে ঢুকে গেল ধারালো যন্ত্রাংশ, অস্ত্রোপচার ছাড়াই রোগীকে সুস্থ করল মিশন হাসপাতাল
দুর্গাপুর ব্যারাজ ঘিরে বিরাট পরিকল্পনা রাজ্য সরকারের
অনুষ্ঠানের শেষে কয়েকজন পড়ুয়ার হাতে হেলমেট তুলে দেন পুলিশ আধিকারিকরা। একই সঙ্গে শিক্ষার্থীদের মাধ্যমে তাঁদের পরিবারের সদস্যদের মধ্যেও সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। বিশেষ করে, বাবা-মা বা অভিভাবকরা যাতে মোটরবাইক চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করেন, সে বিষয়ে সন্তানদেরই এগিয়ে এসে মনে করিয়ে দেওয়ার আবেদন জানান পুলিশ আধিকারিকরা।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সড়ক নিরাপত্তা বিধি মেনে চলা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। ট্র্যাফিক আইন মেনে চললে এবং নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করলে অনেকাংশেই সড়ক দুর্ঘটনা এড়ানো সম্ভব। এই ধরনের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার বার্তাও তুলে ধরা হয়। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


