
খেলাধুলোর মাধ্যমে চরিত্র ও রাষ্ট্র গঠনের ডাক
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৫ আগস্ট: খেলাধুলার প্রসার, জাতীয় চরিত্র গঠন এবং সমাজে ক্রীড়া সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে অনুষ্ঠিত হল আরএসএস-প্রভাবিত সর্বভারতীয় ক্রীড়া সংগঠন ‘ক্রীড়া ভারতী’-র পশ্চিম বর্ধমান জেলা সম্মেলন। বুধবার (৫ আগস্ট) দুর্গাপুরের এ-জোন এলাকার নেতাজি ভবনে আয়োজিত এই সম্মেলনে জেলার বিভিন্ন ব্লক থেকে প্রায় ৫০০ জন খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীড়াপ্রেমী, রেফারি, বিভিন্ন ক্রীড়া সংস্থা ও একাডেমির প্রতিনিধিরা অংশ নেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন ক্রীড়া ভারতীর অখিল ভারতীয় সহ-সম্পাদক মধুময় নাথ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মধ্যবঙ্গ প্রান্ত সহ-কার্যবাহ অচ্যুত হাজরা, ক্রীড়া ভারতীর মধ্যবঙ্গ প্রান্ত সম্পাদক স্বদেশ বিশ্বাস, মন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মধুময় নাথ জানান, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত ক্রীড়া ভারতীর মূল লক্ষ্য হল খেলাধুলার মাধ্যমে ‘সুস্থ ভারত, সমর্থ ভারত’ গড়ে তোলা। তাঁর বক্তব্য, প্রত্যেক মানুষ যেন নিজের বয়স ও সামর্থ অনুযায়ী আনন্দের জন্য খেলাধুলায় অংশ নেন এবং সমাজে ক্রীড়াসুলভ মানসিকতা গড়ে ওঠে, সেই উদ্দেশ্যেই সংগঠনটি কাজ করছে। পাশাপাশি আধুনিক খেলাধুলার পাশাপাশি ভারতীয় ঐতিহ্যবাহী খেলাগুলির প্রচার, সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং জাতীয় চরিত্র গঠনের লক্ষ্যে ক্রীড়া ভারতী ইতিমধ্যেই দেশের ৫৫০টিরও বেশি জেলায় তাদের কার্যক্রম বিস্তৃত করেছে বলেও তিনি জানান।
আরও পড়ুন: শ্বাসনালীতে ঢুকে গেল ধারালো যন্ত্রাংশ, অস্ত্রোপচার ছাড়াই রোগীকে সুস্থ করল মিশন হাসপাতাল
দুর্গাপুর ব্যারাজ ঘিরে বিরাট পরিকল্পনা রাজ্য সরকারের
মধ্যবঙ্গ প্রান্ত সম্পাদক স্বদেশ বিশ্বাস বলেন, ক্রীড়া ভারতীর বার্ষিক আবশ্যিক কর্মসূচির মধ্যে রয়েছে ক্রীড়া ভারতী প্রতিষ্ঠা দিবস (হনুমান জয়ন্তী), আন্তর্জাতিক যোগ দিবস (২১ জুন), সূর্য নমস্কার কর্মসূচি (সূর্য সপ্তমী) এবং ক্রীড়াজ্ঞান পরীক্ষা। তিনি সকল খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীড়া সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান এবং ক্রীড়া উন্নয়নে যুক্ত ব্যক্তিদের সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে জেলার ক্রীড়া পরিকাঠামো ও পরিবেশকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
সংগঠনের পক্ষ থেকে চিরঞ্জিত ধীবর বলেন, ক্রীড়া ভারতীর মূল দর্শন হল— “খেলার মাধ্যমে চরিত্র নির্মাণ, চরিত্র নির্মাণের মাধ্যমে রাষ্ট্র নির্মাণ।” তাঁর বক্তব্য অনুযায়ী, সংগঠনের উদ্দেশ্য ভারতীয় খেলাধুলার প্রচার ও প্রসার, দেশপ্রেমিক ক্রীড়াবিদ তৈরি, সকলের খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিত করা, ক্রীড়াকেন্দ্র, ব্যায়ামকেন্দ্র, যোগ ও আত্মরক্ষা কেন্দ্র গড়ে তোলা এবং দেশের প্রতিটি গ্রামে একটি খেলার মাঠ ও সেই মাঠকে কেন্দ্র করে ক্রীড়া কার্যক্রম চালু করা।
সম্মেলনে বক্তারা খেলাধুলাকে শুধুমাত্র প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজ গঠন, স্বাস্থ্য সচেতনতা এবং জাতীয় চেতনা বিকাশের অন্যতম মাধ্যম হিসেবে তুলে ধরেন। পশ্চিম বর্ধমান জেলায় আগামী দিনে ক্রীড়া ভারতীর সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার বিষয়েও এদিন গুরুত্ব আরোপ করা হয়। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)

