WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রথযাত্রার ঐতিহ্য ও ধর্মীয় উৎসবকে আরও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে রাজ্যের বিভিন্ন রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সেই উদ্যোগের অংশ হিসেবে পশ্চিম বর্ধমান জেলার চারটি রথযাত্রা কমিটির হাতে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক তুলে দেওয়া হল। সোমবার নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভার্চুয়ালি এই প্রকল্পের উদ্বোধন করেন। 

জেলার অনুদানপ্রাপ্ত চারটি কমিটি হল ইস্কন দুর্গাপুর, ইস্কন আসানসোল, মামরা বাজার জগন্নাথ মন্দির রথযাত্রা কমিটি এবং ডিসেরগড়ের গৌরাঙ্গ মন্দির রথযাত্রা কমিটি। প্রতিটি কমিটিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আসানসোলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পন্নমবলম এস, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়-সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক ও বিভিন্ন রথযাত্রা কমিটির প্রতিনিধিরা।

অনুষ্ঠানে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রাজ্য সরকারের এই অনুদানের উদ্দেশ্য হল জেলার ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবগুলির আয়োজনকে আরও সুসংগঠিত করা। প্রতিবছর হাজার হাজার ভক্তের সমাগম হয় এই রথযাত্রাগুলিতে। ফলে নিরাপত্তা, পরিকাঠামো, আলোকসজ্জা, পানীয় জল, শৃঙ্খলা রক্ষা এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থাপনার জন্য এই অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছে প্রশাসন।

বৃদ্ধদের আশ্রয় গড়তে ১০ কাঠা জমি দান দুর্গাপুরের অবসরপ্রাপ্ত সেনাকর্মীর

ইস্কন দুর্গাপুরের প্রধান সেবাইত ঔদার্য্য দাস রাজ্য সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানুষের মিলনমেলা। রাজ্য সরকারের এই আর্থিক সহায়তা উৎসবের আয়োজনকে আরও সুন্দর ও সুশৃঙ্খল করতে সাহায্য করবে। এর জন্য আমরা সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

জেলার অন্যান্য রথযাত্রা কমিটির প্রতিনিধিরাও সরকারের এই উদ্যোগকে ইতিবাচক বলে উল্লেখ করেন। তাঁদের বক্তব্য, এই অনুদানের ফলে উৎসবের মানোন্নয়নের পাশাপাশি ভক্তদের জন্য আরও উন্নত পরিষেবা দেওয়া সম্ভব হবে।

রাজ্য সরকারের এই পদক্ষেপে পশ্চিম বর্ধমান জেলার রথযাত্রা আয়োজক মহলে স্বাভাবিকভাবেই উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে। আগামী বছরগুলিতেও এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন বিভিন্ন কমিটির সদস্যরা।