দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২২ সেপ্টেম্বর: শহরের বড় মঞ্চ নয়, এবার রাজ্যস্তরের যোগাসন প্রতিযোগিতার আসর বসছে গ্রামের স্কুলে। আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ইছাপুর এন.সি. হাইস্কুলে অনুষ্ঠিত হতে চলেছে ৪৪তম পশ্চিমবঙ্গ রাজ্য যোগাসন চ্যাম্পিয়নশিপ ২০২৬। তিন দিনের এই প্রতিযোগিতায় রাজ্যের প্রায় ২০টি জেলা থেকে প্রায় ৭০০ জন প্রতিযোগী অংশ নেবেন।
যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করছে পশ্চিম বর্ধমান জেলা ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন ও ইছাপুর এনসি হাইস্কিল। প্রতিযোগীদের সঙ্গে থাকবেন তাঁদের কোচ, রেফারি, টেকনিক্যাল অফিসিয়াল ও প্রতিনিধিরাও। ফলে তিন দিনের এই আয়োজন ঘিরে ইছাপুরে তৈরি হতে চলেছে বড়সড় ক্রীড়া আবহ। ২৫ সেপ্টেম্বর দুপুর ৩টেয় ইছাপুর এন.সি. হাইস্কুল থেকে বের হবে যোগাসন র্যালি। বিভিন্ন জেলার প্রতিযোগী, কোচ, রেফারি, অফিসিয়াল, স্বেচ্ছাসেবক, এনজিও-র প্রতিনিধি এবং স্কুলের ছাত্রছাত্রীরা র্যালিতে অংশ নেবেন। এরপর বিকেল ৪টেয় হবে উদ্বোধনী অনুষ্ঠান।
আয়োজক সংস্থার সচিব তরুণ মুখার্জী জানান, ইছাপুরের মতো গ্রামাঞ্চলে এমন বড় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পিছনে রয়েছে অন্য একটি লক্ষ্য। এলাকার শিশু, ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের মধ্যে যোগাসন ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং তাঁদের সামনে ক্রীড়াক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ ও অনুপ্রেরণা তৈরি করাই অন্যতম উদ্দেশ্য। আয়োজক সংস্থার যুগ্ম সচিব সীমা দত্ত চ্যাটার্জী জানান, সাধারণত বড় প্রতিযোগিতাগুলি শহরকেন্দ্রিক হওয়ায় শহরের মানুষই তার সুযোগ বেশি পান। গ্রামাঞ্চলে এমন আয়োজন হলে স্থানীয় শিশু ও তরুণদের সামনে সরাসরি রাজ্যস্তরের ক্রীড়া পরিসরকে তুলে ধরা যায়। প্রতিযোগিতা আয়োজনে তাঁদের স্কুলকে বেছে নেওয়ায় খুশি ইছাপুর এন.সি. হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বনাথ গোপ। এর ফলে স্কুলের পড়ুয়াদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে বলে আশাবাদী তিনি।
রাজ্য যোগা স্পোর্টস সোসাইটি-র সাধারণ সম্পাদক দেবাশিষ চ্যাটার্জী এবং সহ সম্পাদক মৃন্ময় সাহা-ও মনে করেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীদের অংশগ্রহণে এই চ্যাম্পিয়নশিপ এলাকার মানুষ ও পড়ুয়াদেরও উৎসাহিত করবে। স্থানীয় পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র কুমার তিওয়ারি জানিয়েছেন, শিশু ও যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগে তাঁর সহযোগিতা ও সমর্থন থাকবে।
আরও পড়ুন: গুগল ম্যাপের দেখানো পথে গিয়ে বাইক সহ খাদে, সারারাত ‘নিখোঁজ’ যুবক!


