দুর্গাপুর দর্পণ, জামুড়িয়া, ২২ সেপ্টেম্বর: বাড়ির ভিতর থেকেই উদ্ধার হল গৃহবধূর অগ্নিদগ্ধ মৃতদেহ। মঙ্গলবার সকালে পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া থানার কেন্দা ফাঁড়ির সোনপুর গ্রামের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম পম্পা মন্ডল (৪০)। তিনি পাণ্ডবেশ্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি নরোত্তম মন্ডল ওরফে নিতাইয়ের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে সোনপুর গ্রামের শ্বশুরবাড়ি থেকে অগ্নিদগ্ধ অবস্থায় পম্পা মন্ডলের দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দা ফাঁড়ির পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনার পর পম্পা মন্ডলের স্বামী নরোত্তম ওরফে নিতাই মন্ডলকে আটক করেছে পুলিশ।
নিতাইয়ের বিরুদ্ধে অতীতে ভোট পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে মামলা হয়েছিল বলে জানা গিয়েছে। নির্বাচনের পর তিনি কিছুদিন এলাকা ছাড়া ছিলেন। পরে পুলিশ তাঁকে গ্রেফতার করে। কয়েকদিন জেল হেফাজতে থাকার পর বর্তমানে তিনি জামিনে ছিলেন। নিতাই বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত এলাকায় তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা দলের প্রাক্তন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।
পম্পা মন্ডলের বাপের বাড়ি আসানসোলের সালানপুর থানার সামডি গ্রামে। যুব তৃণমূল নেতার স্ত্রীর এমন অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে নানা প্রশ্ন। কীভাবে তাঁর মৃত্যু হল, আগুন লাগার প্রকৃত কারণই বা কী—তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। আপাতত, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: গুগল ম্যাপের দেখানো পথে গিয়ে বাইক সহ খাদে, সারারাত ‘নিখোঁজ’ যুবক!


