WhatsApp Group Join Now
Instagram Group Join Now
উদ্বিগ্ন সীমা দাস।

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২১ সেপ্টেম্বর: অজানা উৎস থেকে টাকা আসছে, আবার কিছুক্ষণের মধ্যেই সেই টাকা উধাও হয়ে যাচ্ছে—পুরো ঘটনায় আতঙ্কিত এক পরিবার। 

বীরভূমের হেতমপুরের বাসিন্দা সীমা দাস ছেলে ও বৌমার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার বামুনাড়ায় একটি ভাড়া বাড়িতে থাকেন। অভিযোগ, গত দু’মাস ধরে তাঁর পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকছে পিএম কিষাণ নিধির টাকা। অথচ সীমা দাসের দাবি, তাঁর নামে কোনও জমি-জায়গা নেই। ফলে কৃষকদের জন্য নির্দিষ্ট প্রকল্পের টাকা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কীভাবে ঢুকছে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

তিনি আরও জানিয়েছেন, শুধু পিএম কিষান নিধি নয়, গ্যাস সিলিন্ডারের ভর্তুকির টাকাও ঢুকছে ওই অ্যাকাউন্টে। অথচ তাঁর কোনও গ্যাস সংযোগ নেই। তাহলে তাঁর অ্যাকাউন্টে টাকা আসছেই বা কীভাবে? আর টাকা ঢোকার পর তা তুলে নিচ্ছে কে? পরিবারের একটাই প্রশ্ন—যে টাকা তাঁদের নয়, সেই টাকা যদি তাঁদের অ্যাকাউন্টে ঢোকে এবং পরে কেউ তুলে নেয়, তার দায় কি শেষ পর্যন্ত তাঁদের ঘাড়েই এসে বর্তাবে? 

বিষয়টি জানার পরে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন। পশ্চিম বর্ধমানের জেলাশাসক পন্নামবলাম এস জানিয়েছেন, এমন সমস্যায় যাঁরা পড়েছেন, তাঁরা মহকুমাশাসকের কাছে অভিযোগ জানাতে পারেন। কীভাবে ওই অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা ঢুকছে এবং পরে সেই টাকা কারা তুলে নিচ্ছেন, তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি, ব্যাঙ্ক কর্তৃপক্ষও লেনদেনের বিষয়টি পরীক্ষা করছেন।

আরও পড়ুন: গুগল ম্যাপের দেখানো পথে গিয়ে বাইক সহ খাদে, সারারাত ‘নিখোঁজ’ যুবক!