দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৫ সেপ্টেম্বর: দেশের উন্নয়ন, উদ্ভাবন ও নেতৃত্বের সঙ্গে যুবসমাজকে আরও সক্রিয়ভাবে যুক্ত করার লক্ষ্যে পশ্চিম বর্ধমান জেলায় শুরু হচ্ছে ধারাবাহিক কর্মসূচি। ভারত সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধীন ‘মেরা যুবা ভারত’-এর উদ্যোগে আয়োজন করা হচ্ছে ‘বিকশিত ভারত যুব নেতৃত্ব সংলাপ ২০২৭’।
১৫ থেকে ২৯ বছর বয়সি তরুণ-তরুণীদের জন্য আয়োজিত এই জাতীয় উদ্যোগে নিজেদের প্রতিভা, চিন্তাভাবনা এবং নেতৃত্বের দক্ষতা তুলে ধরার একাধিক সুযোগ থাকছে। বিকশিত ভারত চ্যালেঞ্জ, সাংস্কৃতিক কর্মসূচি, ভারতের জন্য নকশা, সামাজিক কারণে প্রযুক্তিগত উদ্ভাবন, যুব উদ্যোক্তা চ্যালেঞ্জ এবং যুব সংসদ—এই ছয়টি ক্ষেত্রে অংশ নেওয়ার সুযোগ পাবেন যোগ্য যুবরা।
মঙ্গলবার দুর্গাপুরের ‘মেরা যুবা ভারত’-এর পশ্চিম বর্ধমান জেলা দপ্তরে আয়োজিত সাংবাদিক বৈঠকে কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন উপ-অধিকর্তা প্রিয়াঙ্কা ঘোষ। তিনি জানান, আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত জেলার বিভিন্ন কলেজে এই উদ্যোগকে কেন্দ্র করে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। পরবর্তী সময়ে যুবসমাজের অংশগ্রহণ এবং নেতৃত্বের বিকাশে আরও কর্মসূচি নেওয়া হবে বলেও জানান তিনি।
প্রিয়াঙ্কা ঘোষের বক্তব্য, যুবসমাজের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের শক্তিকে দেশের উন্নয়নের সঙ্গে যুক্ত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতায় নির্বাচিতরা পরবর্তী সময়ে রাজ্য ও জাতীয় স্তরে অংশ নেওয়ার সুযোগ পাবেন। জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠান আগামী ১০ থেকে ১২ জানুয়ারি ২০২৭ নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দুর্গাপুর রাইরাণী গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা বিপাশা নায়েক, সমাজকর্মী মৃত্যুঞ্জয় সামন্ত, সৌমেন চক্রবর্তী, জ্ঞান রঞ্জন কোনার, মধুসূদন ঘটক-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। জেলার যোগ্য ১৫ থেকে ২৯ বছর বয়সি তরুণ-তরুণীদের এই জাতীয় উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। স্থানীয় পর্যায় থেকে শুরু করে রাজ্য ও জাতীয় মঞ্চে নিজেদের ভাবনা ও দক্ষতা তুলে ধরার সুযোগ তৈরি করতেই এই কর্মসূচিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: বৃষ্টি হলেই ঘরে জল, সাপ-ব্যাঙের আতঙ্ক দুর্গাপুরের বীরভানপুরে


