
খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু শঙ্করপুর সর্বজনীনের প্রস্তুতি
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের শঙ্করপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটির এবারের আকর্ষণ হতে চলেছে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকানগরীর আদলে নির্মিত পুজোমণ্ডপ। রবিবার সকালে বৈদিক মন্ত্রোচ্চারণ ও পুজোর মধ্য দিয়ে খুঁটি পুজো সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, কমিটির সদস্য বিনয় ঝা, গণেশ যাদব, কার্তিক বাউরি-সহ অন্যান্যরা।
গত কয়েক বছরে শঙ্করপুর সর্বজনীনের দুর্গাপুজো জেলার অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। গত বছর দিঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি মণ্ডপ দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমিয়েছিলেন। সেই ধারাবাহিকতা বজায় রাখতেই এ বছর দ্বারকানগরীর স্থাপত্যকে তুলে ধরা হচ্ছে মণ্ডপে। এ বছর পুজোর ২৭তম বর্ষ। দর্শনার্থীদের নিরাপত্তা ও সুবিধার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তাঁর দাবি, এ বছর প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ দর্শনার্থী মণ্ডপে আসতে পারেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন: মানবিক উদ্যোগ, ক্যান্সার রোগীদের জন্য চুল দান করলেন দুর্গাপুরের তরুণী
বৃদ্ধদের আশ্রয় গড়তে ১০ কাঠা জমি দান দুর্গাপুরের অবসরপ্রাপ্ত সেনাকর্মীর
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সমাজের ঐক্য ও গণতান্ত্রিক অংশগ্রহণের গুরুত্বের উপর জোর দেন। তাঁর বক্তব্য, সামাজিক সংহতি ও মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই ইতিবাচক পরিবর্তন সম্ভব। স্থানীয় সূত্রে জানা যায়, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় বিজেপি করার জন্য কয়েকটি পরিবারকে ঘরছাড়া হতে হয়েছিল বলে অভিযোগ। এবারের পুজোয় সেই সব পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। উদ্যোক্তারা জানান, প্রতিহিংসার রাজনীতি আর নয়। শান্তি, সম্প্রীতি ও মানুষের অংশগ্রহণের মধ্য দিয়েই এলাকার উন্নয়ন ও উৎসবের পরিবেশ বজায় রাখতে চান তাঁরা।


