
উপর থেকে পড়ে মৃত্যু দুই ঠিকা শ্রমিকের
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ডিপিএল (দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড)-এ বুধবার এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই ঠিকা শ্রমিক। একই ঘটনায় আরও এক শ্রমিকের খোঁজে তল্লাশি চলছে বলে একটি সূত্রে জানা গিয়েছে। দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শ্রমিক মহলে।
ডিপিএল সূত্রে জানা গিয়েছে, ডিপিএলের কুলিং টাওয়ারে রেলিং কাটার কাজ চলছিল। সেই সময় সেফটি বেল্ট ছিঁড়ে আচমকাই উপর থেকে নিচে পড়ে যান তাঁরা। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। একজন অণ্ডালের উমেশ সাউ (৫৪) এবং অন্যজন ডিএসপি টাউনশিপের বি-জোনের বাসিন্দা সিন্টু কুমার ঘোষ (৪৯)।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ডিপিএল চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোকওভেন থানার পুলিশ। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তদন্ত শুরু করেছে।
ডিপিএলের জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র জানান, ৭ নম্বর কুলিং টাওয়ারে এই দুর্ঘটনা ঘটেছে। তাঁর দাবি, সমস্ত নিরাপত্তা বিধি (Safety Measures) মেনেই শ্রমিকরা কাজ করতে উঠেছিলেন। তা সত্ত্বেও কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
তবে, ডিপিএলে চরম অব্যবস্থার অভিযোগ তুলেছেন বিএমএসের জেলা সম্পাদক মৃণ্ময় বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, কম দামি সেফটি বেল্ট ব্যবহার করা হয়েছে। তাই শ্রমিকরা ছিঁড়ে পড়ে গিয়েছেন নীচে। প্লান্ট মেডিকেলে কোনও চিকিৎসক নেই। ডিপিএল হাসপাতালে থেকে চিকিৎসক এসে পরীক্ষা করেন। তিনি বলেন, মৃতের পরিবারকে ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, পারলৌকিক কাজ করার জন্য ৬০ হাজার টাকা এবং পরিবারের একজনকে স্থায়ী চাকরি দেওয়ার দাবি জানাচ্ছি আমরা।
সরকারি জমিতে ক্লাব, গেরুয়া রং করেও রক্ষা হল না! গুঁড়িয়ে দিল এডিডিএ-র বুলডোজার
বৃদ্ধদের আশ্রয় গড়তে ১০ কাঠা জমি দান দুর্গাপুরের অবসরপ্রাপ্ত সেনাকর্মীর
গোপালপুরে দুই তৃণমূল নেতাকে মারধর করে ডিম ছুড়ল বিক্ষুব্ধ জনতা!
ঘটনার পর মৃত শ্রমিকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সহকর্মীরা। কী কারণে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটল, নিরাপত্তা ব্যবস্থায় কোনও ত্রুটি ছিল কি না, কিংবা অন্য কোনও কারণ রয়েছে কি না—সেই প্রশ্নের উত্তর মিলবে তদন্তের পরই। শিল্পাঞ্চল দুর্গাপুরে এই দুর্ঘটনা ফের কর্মক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিল।

