
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: রবিবার রাতে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে কাকার বাইকে চেপে যাচ্ছিল ছয় বছরের ভাইপো। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা মোড়ের কাছে বাইপাশে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল খুদে বালকটির। দুর্ঘটনায় গুরুতর আহত হন তার কাকা। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে মোটরবাইকে করে ভাইপোকে নিয়ে কাঁকসা থেকে বেনাচিতির বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন মনোজ দে নামে ওই ব্যক্তি। পথে কাঁকসা মোড় সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের বাইক। আসে পুলিশ। ঘটনাস্থলেই মৃত্যু হয় বালকের। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দ্রুত মনোজ ও ভাইপোকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে চিকিৎসকেরা ভাইপোকে মৃত বলে ঘোষণা করেন। মনোজের চিকিৎসা চলছে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মনোজ জানান, একটি ডাম্পার তাঁদের বাইকে ধাক্কা মেরে পালায়। খবর পেয়ে দ্রুত বেনাচিতি থেকে তাঁদের পরিবারের লোকজন দুর্ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ জানিয়েছে, ঘাতক ডাম্পারের খোঁজে তল্লাশি চলছে।
মাত্র ৬৫০ গ্রাম ওজন নিয়ে জন্ম, দীর্ঘ লড়াইয়ের পর সুস্থ হয়ে বাড়ি ফিরল নবজাতক

