
গার্হস্থ্য হিংসার মামলা চলছে বিষ্ণুপুর আদালতে!
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে মহাকাল সেনার নাম ব্যবহার করে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া জয়দীপ বিশ্বাসকে ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল। এবার জয়দীপের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ আনলেন তাঁর স্ত্রী পুষ্পা বিশ্বাস। স্বামীর কঠোর শাস্তির দাবিতে বুধবার তিনি বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের সঙ্গে দেখা করেন।
পুষ্পার অভিযোগ, জয়দীপ দীর্ঘদিন ধরেই বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিয়েছেন। তাঁর দাবি, শ্বশুরবাড়ির সদস্যদেরও প্রতারণার শিকার হতে হয়েছে। পাশাপাশি, বৈবাহিক জীবনে তাঁকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের মুখে পড়তে হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পুষ্পার আরও দাবি, জয়দীপ দ্বিতীয়বার বিয়ে করেছেন এবং বর্তমানে পুষ্পা টিউশন পড়িয়ে কোনওরকমে নিজের সংসার ও ছেলের পড়াশোনার খরচ চালাচ্ছেন।
এই ঘটনায় ইতিমধ্যেই বাঁকুড়ার বিষ্ণুপুর আদালতে জয়দীপের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা দায়ের করেছেন পুষ্পা। জয়দীপ গ্রেফতার হওয়ার খবর পেয়ে তিনি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের কাছে গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানান। বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল জানান, বিধায়ক বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
সরকারি জমিতে ক্লাব, গেরুয়া রং করেও রক্ষা হল না! গুঁড়িয়ে দিল এডিডিএ-র বুলডোজার
বৃদ্ধদের আশ্রয় গড়তে ১০ কাঠা জমি দান দুর্গাপুরের অবসরপ্রাপ্ত সেনাকর্মীর
গোপালপুরে দুই তৃণমূল নেতাকে মারধর করে ডিম ছুড়ল বিক্ষুব্ধ জনতা!
অন্যদিকে, পুলিশের দাবি, জয়দীপ বিশ্বাস ও তার সহযোগী বরুণ গড়াই বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করতেন। অভিযোগ, কেউ টাকা দিতে অস্বীকার করলে তাঁদের উপর বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হত।
দুর্গাপুরের ব্যবসায়ী অমল দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করে জানান, জয়দীপ, বরুণ-সহ কয়েকজন তাঁর কাছেও মহকাল সেনার অনুষ্ঠানের নাম করে বড় অঙ্কের অর্থ দাবি করেছিলেন। অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে পুলিশ। তদন্তের পর জয়দীপ বিশ্বাস ও বরুণ গড়াইকে গ্রেফতার করা হয়।
বুধবার তাদের দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক জামিন নাকচ করে পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের সঙ্গে আর কেউ রয়েছে কী না, বিস্তারিত জানার চেষ্টা করছে।

