
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বিদ্যুতের উচ্চ পরিবাহী লাইনে ত্রুটি সারাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর স্টিল প্ল্যান্ট (ডিএসপি)-এর এক অস্থায়ী কর্মীর। দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারানোর এই ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে সহকর্মী ও পরিবারের মধ্যে। মৃতের নাম উত্তম কুমার ঘোষ (৪১)। তিনি দুর্গাপুর স্টিল প্ল্যান্টের এ-জোন মেনটেন্যান্স বিভাগের বিদ্যুৎ শাখায় হেল্পার হিসেবে কর্মরত ছিলেন।
ডিএসপি সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে টাউনশিপের ‘বাল্ক সাপ্লাই ১১ কেভি সাব-স্টেশন’-এর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। জরুরি ভিত্তিতে সেই ত্রুটি সারানোর দায়িত্ব দেওয়া হয় উত্তম কুমার ঘোষ, মহম্মদ রিয়াজ এবং মহম্মদ জইনুলকে। তাঁরা বেনাচিতির ক্ষুদিরাম মাঠ সংলগ্ন এলাকায় পৌঁছে মেরামতির কাজ শুরু করেন। নিরাপত্তার স্বার্থে আগে থেকেই ওই লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম পরে উত্তম বৈদ্যুতিক খুঁটির উপরে উঠে কাজ শুরু করেন।
সব কিছু স্বাভাবিকভাবেই চলছিল। কিন্তু রাত প্রায় ৮টা ২০ মিনিট নাগাদ আচমকাই আবহাওয়ার পরিবর্তন হয়। শুরু হয় প্রবল বৃষ্টি, সঙ্গে শোনা যায় বজ্রপাতের শব্দ। সেই সময় স্থানীয় বাসিন্দারা দেখতে পান, খুঁটির উপর কর্মরত উত্তম কুমার ঘোষ নিয়ন্ত্রণ হারিয়ে ঝুলে রয়েছেন। মুহূর্তের মধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দীর্ঘ চেষ্টার পর তাঁকে অচেতন অবস্থায় নিচে নামিয়ে উদ্ধার করা হয়। এরপর দ্রুত দুর্গাপুর স্টিল প্ল্যান্টের মেন হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত ৯টা ৪০ মিনিট নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।পুলিশের প্রাথমিক অনুমান, বজ্রপাতের জেরেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। যদিও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে জানা যাবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে।
বেনাচিতির বহুতলে ট্রলি ব্যাগে তরুণীর দেহ উদ্ধার, গুরুত্বপূর্ণ রায় দিল দুর্গাপুর আদালত
এই ঘটনায় শুধু এক কর্মীর মৃত্যু নয়, সামনে উঠে এসেছে ঝুঁকিপূর্ণ পেশায় কর্মরত অস্থায়ী শ্রমিকদের কঠিন বাস্তবও। প্রতিদিন বিপজ্জনক পরিস্থিতিতে কাজ করেও বহু কর্মী নিজেদের দায়িত্ব পালন করে চলেছেন। কিন্তু একটি দুর্ঘটনাই মুহূর্তে শেষ করে দিতে পারে একটি পরিবারের সমস্ত স্বপ্ন। দায়িত্ব পালন করতে গিয়ে উত্তম কুমার ঘোষের এই মর্মান্তিক মৃত্যু তাঁর পরিবার, সহকর্মী এবং ডিএসপি মহলে গভীর শোকের ছায়া ফেলেছে।

