WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: কেন্দ্রীয় ইস্পাত ও ভারী শিল্পমন্ত্রী এইচ ডি কুমারাস্বামী সোমবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের দুর্গাপুর ইস্পাত কারখানা (ডিএসপি) পরিদর্শন করে উৎপাদন, প্রযুক্তিগত উন্নয়ন এবং আধুনিকীকরণের অগ্রগতি খতিয়ে দেখেন।

মন্ত্রীকে কারখানার আধিকারিকরা জানান, উৎপাদন ক্ষমতা ও পণ্যের মান উন্নত করতে ইতিমধ্যেই একাধিক প্রযুক্তিগত পরিবর্তন কার্যকর হয়েছে। এর মধ্যে রয়েছে ব্লুম কাস্টারের সেকেন্ডারি কুলিং সিস্টেমের আধুনিকীকরণ, এয়ার-অয়েল লুব্রিকেশন সিস্টেম চালু করা এবং রোলার পরিবর্তনের মতো উদ্যোগ। কর্তৃপক্ষের দাবি, এসব পদক্ষেপের ফলে উৎপাদনের নির্ভরযোগ্যতা এবং গুণমান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

এর আগে দুর্গাপুর হাউসে তাঁকে গার্ড অব অনার জানানো হয়। সেখানে তিনি একটি বৃক্ষরোপণও করেন এবং কারখানার ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে বৈঠকে বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। কেন্দ্রীয় ইস্পাত ও ভারী শিল্প প্রতিমন্ত্রী ভূপতিরাজু শ্রীনিবাস বর্মা, সংসদ সদস্য অশোক কুমার পান্ডা, ইস্পাত মন্ত্রকের উপদেষ্টা কমিটির সদস্য, মন্ত্রকের ঊর্ধ্বতন আধিকারিক এবং দুর্গাপুর ইস্পাত কারখানার শীর্ষ আধিকারিকেরা উপস্থিত ছিলেন।

এদিন ইস্পাতমন্ত্রীর হাতে কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত স্মারকলিপি তুলে দেয় বিএমএস। সাধারণ সম্পাদক ঋষিকেশ কুমার সিং ও অরূপ রায়ের নেতৃত্বে প্রতিনিধিদল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কারখানার আধুনিকীকরণ এবং কর্মীদের স্বার্থ রক্ষায় দ্রুত হস্তক্ষেপের আবেদন জানায়। বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোরুই, চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় দেখা করেন মন্ত্রীর সঙ্গে।

হালাল না ঝটকা—দুর্গাপুরে মাংসের দোকানে এবার বাধ্যতামূলক বোর্ড?

বৃদ্ধদের আশ্রয় গড়তে ১০ কাঠা জমি দান দুর্গাপুরের অবসরপ্রাপ্ত সেনাকর্মীর

গোপালপুরে দুই তৃণমূল নেতাকে মারধর করে ডিম ছুড়ল বিক্ষুব্ধ জনতা!

এদিন দুর্গাপুর হাউসে মন্ত্রী ইস্পাত মন্ত্রকের সংসদীয় পরামর্শদাতা কমিটির সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে রাজ্যসভার সাংসদ ও পরামর্শদাতা কমিটির সদস্য দোলা সেন জানান, দুর্গাপুর ইস্পাত কারখানা (ডিএসপি)-র সঙ্গে অ্যালয় স্টিল প্ল্যান্ট (এএসপি)-এর সংযুক্তিকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রাথমিক পর্যায়ে এএসপি-র আধুনিকীকরণে প্রায় ১,৮০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে মন্ত্রী জানিয়েছেন।

বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় দোলা সেনের গাড়ির সামনে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান কয়েকজন বিজেপি কর্মী-সমর্থক। অভিযোগ, তাঁরা ‘চোর চোর’ স্লোগান দেন এবং গাড়ি আটকানোরও চেষ্টা করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপি কর্মী জয়দীপ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, “তৃণমূলের শ্রমিক সংগঠনের দুর্নীতিগ্রস্ত নেতাদের অন্যতম দোলা সেন। দুর্গাপুরে এই নেতাদের কোনও জায়গা নেই তাই আমরা কালো পতাকা দেখিয়েছি।”