WhatsApp Group Join Now
Instagram Group Join Now
‘ভূমিকম্প সুরক্ষা ইউনিট’ আবিস্কারের জন্য সংবর্ধনা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২২ আগস্ট: একটি ভূমিকম্প বদলে দিয়েছিল চিন্তার দিশা। সেই ভয়াবহ অভিজ্ঞতা থেকেই শুরু হয়েছিল মানুষের জীবন বাঁচানোর উপায় খোঁজা। দীর্ঘদিনের ভাবনা, পরিশ্রম ও গবেষণার পর তৈরি হয়েছিল ‘সিসমিক প্রোটেকশন ইউনিট’। এবার সেই উদ্ভাবনের স্বীকৃতি মিলল ভারত সরকারের পেটেন্টে।

পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের দুর্গাপুর স্টিল প্ল্যান্টের (ডিএসপি) সিন্টার প্ল্যান্টের কর্মী অভিজিৎ কুমার চন্দের এই উদ্ভাবনকে শনিবার আনুষ্ঠানিকভাবে সম্মান জানানো হয়। তাঁকে সংবর্ধনা দেন বার্নপুর ও দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ডাইরেক্টর ইনচার্জ সুরজিৎ মিশ্র। তাঁর হাতে তুলে দেওয়া হয় পেটেন্টের শংসাপত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর স্টিল প্ল্যান্টের আধিকারিকরাও।

অভিজিতের এই যাত্রার শুরু ২০০১ সালের গুজরাট ভূমিকম্পের পর। ভয়াবহ সেই ভূমিকম্পের ঘটনা তাঁকে গভীরভাবে নাড়া দেয়। প্রাকৃতিক দুর্যোগের সময় কীভাবে মানুষের প্রাণহানি কমানো যায়, সেই ভাবনা থেকেই তিনি সমাধান খোঁজা শুরু করেন। পরবর্তীতে তৈরি করেন ‘সিসমিক প্রোটেকশন ইউনিট’।

উদ্ভাবন তৈরি হওয়ার পর সেটিকে বাস্তবে কাজে লাগানোর জন্য বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগও করেন অভিজিৎ। তাঁর দাবি, অনেকেই তাঁর উদ্যোগের প্রশংসা করলেও বাস্তবে এগিয়ে এসে উদ্ভাবনটি ব্যবহারের উদ্যোগ নেয়নি কোনও সংস্থা।

শেষ পর্যন্ত নিজের উদ্ভাবনকে সরকারি স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। ২০২৫ সালে পেটেন্টের জন্য আবেদন করেন। পেটেন্টের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ করতে তাঁকে সাহায্য করেন তাঁর মেয়ে অঙ্কিতা। দীর্ঘ অপেক্ষার পর চলতি বছরের ৬ আগস্ট তাঁর উদ্ভাবনের পেটেন্ট মঞ্জুর করে ভারত সরকার।

তবে স্বীকৃতি পাওয়ার পরও থামতে চান না অভিজিৎ। তাঁর কাছে এই পেটেন্ট শুধু ব্যক্তিগত সাফল্যের শংসাপত্র নয়, বরং মানুষের জীবন রক্ষার সম্ভাব্য হাতিয়ার।

অভিজিতের কথায়, তাঁর সবচেয়ে বড় ইচ্ছা এই উদ্ভাবন যেন শুধু পেটেন্টের কাগজে সীমাবদ্ধ না থাকে। ভূমিকম্পের মতো ভয়াবহ পরিস্থিতিতে মানুষের প্রাণ বাঁচাতে বাস্তবে এর ব্যবহার হোক। দেশ-বিদেশের বিভিন্ন সংস্থা এগিয়ে এসে এই প্রযুক্তিকে কাজে লাগাক—এটাই তাঁর আবেদন।

একটি পুরনো বিপর্যয়ের স্মৃতি থেকে জন্ম নেওয়া ভাবনা আজ সরকারি পেটেন্টের স্বীকৃতি পেয়েছে। এখন অভিজিতের অপেক্ষা, তাঁর উদ্ভাবন কবে সত্যিই মানুষের নিরাপত্তার কাজে ব্যবহৃত হবে।

আরও পড়ুন: দাদাগিরির শাস্তি! দুর্গাপুরে দুই সিভিক ভলান্টিয়ার ভাই গ্রেফতার

সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব! দুর্গাপুরে কড়া হুঁশিয়ারি পুলিশের

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)