
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২২ আগস্ট: এক যাত্রীর পকেট থেকে টাকা গায়েব হওয়ার অভিযোগ উঠতেই সন্দেহ গিয়ে পড়ে বাসের যাত্রী এক ব্যক্তির উপর। তাঁকে ঘিরে ফেলেন বাসের অন্য যাত্রীরা। শনিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের গান্ধী মোড় এলাকায় ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণ চাঞ্চল্য ছড়ায়।
জানা গিয়েছে, রানিগঞ্জ থেকে দুর্গাপুরের দিকে আসছিল একটি বাস। গান্ধী মোড় এলাকায় বাস থেকে যাত্রীরা নামার সময় এক যাত্রীর পকেট থেকে নগদ টাকা উধাও হয়ে যায় বলে অভিযোগ। বিষয়টি টের পেতেই যাত্রীদের মধ্যে সন্দেহ তৈরি হয়।
এরপর কয়েকজন যাত্রী এক ব্যক্তিকে ধরে ফেলেন। তাঁদের অভিযোগ, ওই ব্যক্তিই পকেট থেকে টাকা সরিয়েছেন। যাত্রীদের দাবি, তাঁকে আটক করার পর তাঁর কাছ থেকে খোওয়া যাওয়া টাকা উদ্ধার করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে প্রথমে গান্ধী মোড় এলাকায় পৌঁছয় ট্রাফিক পুলিশ। পরে ফরিদপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়।
বাসযাত্রীদের তৎপরতায় ঘটনাটি প্রকাশ্যে আসে। সত্যিই ওই ব্যক্তি পকেটমারির সঙ্গে যুক্ত ছিলেন কি না, টাকা উদ্ধারের দাবির সত্যতা কতটা—তা পুলিশ তদন্ত করে দেখছে।
আরও পড়ুন: দাদাগিরির শাস্তি! দুর্গাপুরে দুই সিভিক ভলান্টিয়ার ভাই গ্রেফতার
সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব! দুর্গাপুরে কড়া হুঁশিয়ারি পুলিশের
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


