WhatsApp Group Join Now
Instagram Group Join Now
আহতদের আনা হচ্ছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে

কন্টেনারের ধাক্কায় প্রাণ গেল ২ শ্রমিকের

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২২ আগস্ট: কাজ করছিলেন জাতীয় সড়কের উপর। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ছুটে এল একটি কন্টেনার। মুহূর্তের ধাক্কায় ছিটকে পড়েন কয়েকজন। শনিবার বিকেলে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসার রাজবাঁধে ১৯ নম্বর জাতীয় সড়কে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। প্রাণ হারালেন দু’জন। আহত আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকেল সোয়া ৪টা নাগাদ জাতীয় সড়কে রাস্তার কাজ করছিলেন কয়েকজন কর্মী। সেই সময় দিল্লি থেকে কলকাতার দিকে যাওয়া একটি কন্টেনার আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের দিকে চলে আসে। কন্টেনারের ধাক্কায় জখম হন ৬ জন।

মৃতদের মধ্যে রয়েছেন গোপালপুরের বাসিন্দা ৩২ বছরের বিধান বাউড়ি এবং গলসির কাশিনাথ ভট্টাচার্য (৪৮)। দুর্ঘটনার পর দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।

আহত আরও চারজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনায় কন্টেনারের চালকও আহত হয়েছেন।

চালকের দাবি, তিনি দিল্লি থেকে কলকাতার দিকে যাচ্ছিলেন। রাজবাঁধের কাছে আচমকাই স্টিয়ারিং লক হয়ে যায়। এরপর কন্টেনারটি তাঁর নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং জাতীয় সড়কে কাজ করা কর্মীদের ধাক্কা মারে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক তৈরি হয়। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে পুলিশ ও ট্রাফিক পুলিশ। কীভাবে স্টিয়ারিং লক হল, যান্ত্রিক ত্রুটির কারণেই কি দুর্ঘটনা—নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: দাদাগিরির শাস্তি! দুর্গাপুরে দুই সিভিক ভলান্টিয়ার ভাই গ্রেফতার

সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব! দুর্গাপুরে কড়া হুঁশিয়ারি পুলিশের

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)