

আটক ২টি কয়লাবোঝাই ট্রাক
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে অবৈধ কয়লা পাচার রুখতে বড়সড় পদক্ষেপ নিল কোকওভেন থানার পুলিশ। নিয়মিত নজরদারি ও রাতের তল্লাশি অভিযানের মধ্যেই সোমবার গভীর রাতে কাঞ্জিলাল এভিনিউ এলাকায় সন্দেহজনক দুটি কয়লাবোঝাই ট্রাক আটক করা হয়। ট্রাক দুটির বৈধ নথিপত্র যাচাই করতে গিয়ে অসঙ্গতি ধরা পড়তেই সেগুলি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে দুই ট্রাকচালককে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাঁদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে আদালত চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অবৈধ কয়লা পাচার রুখতে রাতে নজরদারি আরও জোরদার করা হয়েছে। সেই অভিযানের অংশ হিসেবেই কোকওভেন থানার পুলিশ কাঞ্জিলাল এভিনিউ এলাকায় তল্লাশি চালাচ্ছিল। ওই সময় কয়লাবোঝাই দুটি ট্রাককে থামিয়ে চালকদের কাছে পরিবহনের বৈধ কাগজপত্র চাওয়া হয়। অভিযোগ, চালকেরা কয়লার উৎস, পরিবহনের অনুমতি এবং অন্যান্য প্রয়োজনীয় নথি দেখাতে ব্যর্থ হন। এরপরই ট্রাক দুটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যাওয়া হয় এবং চালকদের আটক করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ট্রাক দুটি দুর্গাপুরের একটি কারখানায় কয়লা সরবরাহ করতে যাচ্ছিল। তবে সেই কয়লা কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, কার নামে চালান তৈরি হয়েছিল, প্রকৃত মালিক বা ক্রেতা কে এবং এর সঙ্গে কোনও সংগঠিত চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীরা ট্রাকের নথি, মোবাইল ফোনের তথ্য, জিপিএস গতিপথ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখছেন।
আরও পড়ুন: দুর্গাপুরে বুলডোজার দিয়ে সরানো হল বিশ্ববাংলা লোগো!
দেড় লক্ষ শ্রমিকের মুখে হাসি ফেরালো রাজ্য সরকারের শ্রম দফতর
পুলিশের এক আধিকারিক জানান, শুধু চালকদের জিজ্ঞাসাবাদেই তদন্ত সীমাবদ্ধ থাকবে না। কয়লার উৎস, পরিবহনকারী, সরবরাহকারী এবং সম্ভাব্য ক্রেতাদের সম্পর্কেও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রয়োজনে এই চক্রের সঙ্গে যুক্ত আরও ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে। অবৈধ কয়লা পাচারের সঙ্গে জড়িত কারও বিরুদ্ধে প্রমাণ মিললে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক প্রতিক্রিয়াও সামনে এসেছে। বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, “কয়লা কারবারিরা ভুলে গিয়েছে, তৃণমূল আর ক্ষমতায় নেই। এখন বিজেপি সরকার। কোনও রকম বেআইনি কারবার বরদাস্ত করা হবে না। আইন ভাঙলেই পুলিশ কড়া ব্যবস্থা নেবে।”


