
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের এক সামাজিক কর্মসূচিকে ঘিরে তৈরি হল রাজনৈতিক উত্তেজনা। রক্তদান শিবিরে যোগ দিতে এসে বিজেপির বিক্ষোভ এবং কালো পতাকার মুখে পড়লেন মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দোলা সেন। পাল্টা স্লোগানে সরব হন তৃণমূল কর্মারাও। ফলে কিছুক্ষণের জন্য উত্তেজনার আবহ তৈরি হয় ডিএসপি টাউনশিপের এ-জোনের চৈতন্য অ্যাভিনিউ এলাকায়।
মঙ্গলবার ডা. বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে আইএনটিটিইউসি অনুমোদিত দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়নের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ দোলা সেন। তিনি রক্তদাতাদের উৎসাহিত করার পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বক্তব্য রাখেন।
নিজের বক্তব্যে দোলা সেন অভিযোগ করেন, রাজ্যে বর্তমানে ‘সুপার ইমার্জেন্সি’ পরিস্থিতি চলছে। তাঁর দাবি, বিরোধী রাজনৈতিক দলগুলিকে কর্মসূচি করতে বাধা দেওয়া হচ্ছে এবং ২১ জুলাইয়ের শহীদ দিবসের প্রস্তুতিতেও নানা প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। যদিও তিনি বিচারব্যবস্থা ও প্রশাসনের উপর আস্থা প্রকাশ করে বলেন, শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ২১ জুলাইয়ের শহীদ তর্পণ কর্মসূচির অনুমতি মিলবে বলেই তিনি বিশ্বাস করেন।
এদিকে, দোলা সেনের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলের বাইরে জড়ো হন বিজেপির কর্মী-সমর্থকেরা। অনুষ্ঠান শেষে তিনি বেরিয়ে আসার সময় তাঁকে কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ এবং ‘দোলা সেন মুর্দাবাদ’ স্লোগান তোলা হয়। কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল।
অন্যদিকে, বিজেপির স্লোগানের পাল্টা জবাব দেন তৃণমূল নেতা আইনজীবী কল্লোল ঘোষ। তিনি ‘শুভেন্দু অধিকারী মুর্দাবাদ’, ‘নরেন্দ্র মোদী মুর্দাবাদ’ স্লোগান দিতে থাকেন। দুই পক্ষের স্লোগান-যুদ্ধ চলতে থাকে।
বিজেপির ১ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক দিব্যেন্দু গায়েন বলেন, “দুর্গাপুরের রূপকার ডা. বিধানচন্দ্র রায়ের জন্মদিনে দোলা সেনের মতো দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেত্রীর এখানে আসার কোনও নৈতিক অধিকার নেই। তাই বিজেপির পক্ষ থেকে তাঁকে কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়েছে।” অন্যদিকে, কল্লোল ঘোষের দাবি, “রাজ্যে বর্তমানে আইন-শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে। গত দু’মাসে যে ধরনের প্রশাসনিক পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে সাধারণ মানুষ চরম অসন্তুষ্ট।”
লাদাখে ৬১০০ মিটার শৃঙ্গ জয়! মাউন্ট কাইগরের শিখরে দুর্গাপুরের কালীসাধন
দুর্গাপুরে ‘লোক কল্যাণ মেলা’- ছোট পুঁজিতে বড় স্বপ্নের হাতছানি

