WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: শিশুদের হাসি, খেলাধুলা আর প্রবীণদের বিকেলের আড্ডার জায়গা হওয়ার কথা ছিল যে পার্ক, দীর্ঘদিন ধরে সেটিই পড়েছিল তালাবন্দি। অবশেষে বুধবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ২৬ নম্বর ওয়ার্ডের বিধান শিশু উদ্যান-এর তালা খুলে সাধারণ মানুষের জন্য পার্কটি উন্মুক্ত করে দেন স্থানীয় বাসিন্দারা। পাশে দাঁড়ায় বিজেপি। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্কও।

বিজেপির অভিযোগ, প্রাক্তন তৃণমূল পুর প্রতিনিধি দীপঙ্কর লাহা ও তাঁর অনুগামীরাই দীর্ঘদিন ধরে পার্কে তালা লাগিয়ে রেখেছিলেন। তাঁদের দাবি, রাতে সেখানে অসামাজিক কার্যকলাপ, মদ্যপান ও জুয়ার আসর বসত। যদিও এই অভিযোগের বিষয়ে দীপঙ্কর লাহার বক্তব্য জানা যায়নি। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনের এই পার্কটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় এলাকার শিশু, প্রবীণ বা সাধারণ মানুষ কেউই এর সুবিধা নিতে পারছিলেন না। নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে পার্কজুড়ে আগাছা জন্মেছে, ভেঙে পড়েছে বিভিন্ন পরিকাঠামো। ফলে একসময় যে জায়গাটি শিশুদের আনন্দের ঠিকানা ছিল, তা এখন কার্যত পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

স্থানীয় বিজেপি নেতা প্রবীর রায় জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে বিষয়টি বিধায়কের নজরে আনা হয়। তাঁর কথায়, “বিধায়ক পার্কটি খুলে দেওয়ার ব্যবস্থা করতে বলেন। সেই খবর জানার পর স্থানীয়দের সহযোগিতায় পার্কের তালা খুলে দেওয়া হয়।”

এলাকার বাসিন্দারা জানান, তাঁরা এই উদ্যোগে খুশী। এবার তাঁদের দাবি— পার্ক শুধু খুলে দিলেই হবে না, দ্রুত সংস্কার করে শিশুদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ ফিরিয়ে দিতে হবে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও তীব্র হয়েছে। স্থানীয় বিধায়ক চন্দ্রশেখর বলেন, “গুন্ডা দমন বিল কার্যকর হয়েছে। তৃণমূলের নেতারা সতর্ক হয়ে যান। আইন নিজের কাজ করবে, কেউই আইনের ঊর্ধ্বে নন।”

লাদাখে ৬১০০ মিটার শৃঙ্গ জয়! মাউন্ট কাইগরের শিখরে দুর্গাপুরের কালীসাধন

দুর্গাপুরে ‘লোক কল্যাণ মেলা’- ছোট পুঁজিতে বড় স্বপ্নের হাতছানি

ঘরে ফিরলেন বিশ্বজয়ী, অন্ডাল বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা